মাইক হাতে প্রার্থীর গুণগান নেই, নেই স্লোগানের আওয়াজ কিংবা পোস্টারিং। তবু চলছে নির্বাচনী প্রচার, হচ্ছে ভোটের হিসাব-নিকাশ। কেউ হাতের ইশারায় চাইছেন ভোট, কেউ অঙ্গভঙ্গিতে জানাচ্ছেন সমর্থন। প্রার্থীদের প্রতীক নিয়ে চলছে কথাবার্তাও—তবে মুখের ভাষায় নয়, সবই হাতের ইশারা আর অঙ্গভঙ্গিতে।
বুধবার রাতে চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ি এলাকায় চট্টগ্রাম বধির সংঘের অস্থায়ী কার্যালয়ে দেখা গেল এমন দৃশ্য। বাংলাদেশ জাতীয় বধির সংস্থার কার্যকরী পরিষদ নির্বাচন সামনে রেখে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
আগামী ৩১ অক্টোবর ঢাকায় এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে অংশ নিতে চট্টগ্রাম থেকে প্রায় ৩০০ সদস্য প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
চট্টগ্রাম বধির সংঘের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবুল হাসনাত রাজার সভাপতিত্বে মতবিনিময় সভায় বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা নিজেদের নির্বাচনী প্রতীকের পক্ষে ভোট চান। ভোটারদের উদ্দেশে তারা নিজেদের অধিকার প্রতিষ্ঠা ও দাবি আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
প্রার্থীরা বলেন, বধির ব্যক্তিদের অনেক সময় সমাজে ভিন্নভাবে দেখা হয়। নিজেদের অধিকার প্রতিষ্ঠা ও দাবি আদায় করতে হলে নিজেদেরই এগিয়ে আসতে হবে। ঐক্যবদ্ধভাবে নিজেদের অধিকার আদায় করতে হবে।
সভায় কার্যকরী পরিষদের বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা অংশ নেন। তাদের মধ্যে সিদরাতুল মুনতাহার নির্বাচনী প্রতীক আম। সহসভাপতি পদপ্রার্থী মো. সাজ্জাদ হোসেনের প্রতীক জগ। উভয়েই ভোটারদের কাছে নিজেদের পক্ষে সমর্থন চান।
The post শব্দ ছাড়াই নির্বাচনী প্রচারণা! appeared first on সুপ্রভাত বাংলাদেশ.
