ফরিদপুরে বিরল প্রজাতির গন্ধগোকুল উদ্ধার
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ পিএম
ছবি: খবরের কাগজ
-->ফরিদপুরের সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের কোশাগোপালপুরে কলা রাখার ঘরে কলা খেতে এসে বিরল প্রজাতির একটি গন্ধগোকুল আটক হয়েছে। গন্ধগোকুলটি উদ্ধার করে বন বিভাগের কার্যালয়ে রাখা হয়েছে। সুবিধাজনক সময়ে প্রাণীটিকে নিরাপদ স্থানে অবমুক্ত করা হবে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের কোশাগোপালপুর গ্রামের আব্দুস শুকুর আলীর বাড়ি থেকে গন্ধগোকুলটি উদ্ধার করে বন বিভাগের সদস্যরা। এর আগে বুধবার (২১ অক্টোবর) রাতে কলা রাখার ঘরে কলা খেতে এসে জালে জড়িয়ে পড়লে আটক করা হয় প্রাণীটিকে।
স্থানীয় ও বন বিভাগ সূত্রে জানা গেছে, আব্দুস শুকুর আলী একজন কলা ব্যবসায়ী। গত কয়েক মাস ধরে তার কলা রাখার ঘরে ঢুকে কলা খেত গন্ধগোকুলটি। বুধবার রাতে জালে জড়িয়ে পড়লে প্রাণীটিকে আটক করে বন বিভাগে খবর দেওয়া হয়। খবর পেয়ে বন বিভাগের সদস্যরা এসে প্রাণীটিকে উদ্ধার করে নিয়ে যান।
আরও পড়ুন
আব্দুস শুকুর আলীর ছেলে মো. ইসমাইল আলী বলেন, ‘গত কয়েক মাস ধরে আমাদের কলা রাখার ঘর থেকে রাতের আঁধারে কলা খেয়ে ফেলত। আমরা সকালে কলার ঘরে গিয়ে দেখতাম কলা নষ্ট ও খেয়ে রেখে গেছে। এরপর ঘরের চারপাশে জাল দেওয়া হয়। সেই জালে প্রাণীটি আটকে যায়। পরে বন বিভাগে খবর দেওয়া হলে বন বিভাগের লোকজন এসে প্রাণীটি উদ্ধার করে নিয়ে যান।’
এ তথ্যের সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের সহকারী বন সংরক্ষক (অতিরিক্ত দায়িত্ব) তাওহীদ হোসেন জানান, গন্ধগোকুল একটি বিরল প্রজাতির প্রাণী। খবর পেয়ে প্রাণীটিকে উদ্ধার করে তাদের কার্যালয়ে রাখা হয়েছে। প্রাণীটি সুস্থ আছে এবং সুবিধাজনক সময়ে একে নিরাপদ স্থানে অবমুক্ত করা হবে।
আরও পড়ুন
এন কে বি নয়ন/এএফ
আরও পড়ুন
শরীয়তপুরে শিক্ষক হত্যা মামলায় হোটেল ম্যানেজার গ্রেপ্তার
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ পিএম
ছবি: সংগৃহীত
-->শরীয়তপুরের ভেদরগঞ্জে আবাসিক হোটেলে স্কুলশিক্ষক আবুল বাশারকে (৩৯) হত্যার ঘটনায় করা মামলায় হোটেলটির ম্যানেজার আতাউর রহমানকে (৫৮) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে এসআরবি-৮-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) ও মিডিয়া অফিসার সাথী আক্তার এ তথ্য জানান।
এর আগে বুধবার (২১ অক্টোবর) রাতে নোয়াখালীর সোনাইমুড়ী এলাকায় এসআরবি-৮ ও এসআরবি-১১-এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন
গ্রেপ্তার আতাউর রহমান নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আফুলশী মিয়াবাড়ি এলাকার ছালেহ আহম্মদের ছেলে। তিনি ভেদরগঞ্জ বাজারসংলগ্ন ঢাকা আবাসিক হোটেলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করতেন।
এসআরবি-৮-এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৮ অক্টোবর বাড়ি থেকে বের হওয়ার পর পরিবারের সদস্যদের সঙ্গে আবুল বাশারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
আরও পড়ুন
পরে তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে স্ত্রী ও স্বজনদের কাছে মারধরের ছবি পাঠিয়ে চিকিৎসার খরচ বাবদ বিকাশে টাকা দাবি করা হয়। বিষয়টি সন্দেহজনক মনে হলে পরিবারের সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেন। ২০ অক্টোবর ভেদরগঞ্জ বাজারসংলগ্ন ঢাকা আবাসিক হোটেলের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে আবুল বাশারের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে ২০
অক্টোবর ভেদরগঞ্জ থানায় হত্যা মামলা করেন।
নিহত আবুল বাশার গাজীপুরের কোনাবাড়ী থানার দেউলিয়াবাড়ি পেয়ারা বাগান এলাকার বাসিন্দা ছিলেন। তিনি গাজীপুরের খোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তার বাবার নাম মৃত আলী তালুকদার।
এসআরবি-৮ সহকারী পুলিশ সুপার সাথী আক্তার জানান, ঘটনাটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসার পর মামলাটির গুরুত্ব বিবেচনায় ছায়া তদন্ত শুরু করা হয়। পরে গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় এসআরবি-৮-এর সিপিসি-৩, মাদারীপুর এবং এসআরবি-১১-এর সিপিসি-৩, নোয়াখালীর একটি যৌথ দল অভিযান চালিয়ে আতাউর রহমানকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আতাউর রহমানকে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
সবুজ/নাঈম
আরও পড়ুন
দিনাজপুরে নৈশপ্রহরীকে ছুরিকাঘাতে হত্যা
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৩:২২ পিএম
আপডেট: ২২ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ পিএম
ছবি: খবরের কাগজ
-->দিনাজপুরে টিটু (৩৬) নামের নৈশপ্রহরীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত সাড়ে তিনটার দিকে সদরের ঢাকাইয়া পট্টি লাইনপাড় এলাকায় রেললাইনের পাশে এ ঘটনা ঘটে।
নিহতের পরিবারের অভিযোগ, নির্মাণাধীন একটি সেতুর মালামাল চুরি ও মাদক কারবারে বাধা দেওয়ায় টিটুকে হত্যা করা হয়েছে।
আরও পড়ুন
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুন্নবী হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ভোরে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে রক্তাক্ত অবস্থায় ছুরিকাঘাতে নিহত টিটুর মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিহত টিটুর মা বলেন, তার ছেলে রেললাইনের পাশে নতুন নির্মাণাধীন একটি সেতুতে নৈশপ্রহরী হিসেবে কাজ করতেন। তার অভিযোগ, গত কয়েক দিন ধরে এলাকার কিছু মাদককারবারি ও চিহ্নিত দুর্বৃত্ত সেতুর বিভিন্ন মালামাল, বিশেষ করে লোহাসহ অন্যান্য সামগ্রী চুরির চেষ্টা করছিল। টিটু এসব কর্মকাণ্ডে বাধা দেওয়ায় তাদের সঙ্গে বিরোধ তৈরি হয়।
আরও পড়ুন
তিনি আরও অভিযোগ করেন, মাদক কারবার ও চুরির কাজে বাধা দেওয়ার জের ধরে দুর্বৃত্তরা তার ছেলেকে একা পেয়ে পেটে উপর্যুপরি ছুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে দাবি করেন নিহতের মা।
নিহতের মায়ের অভিযোগ, ঢাকাইয়াপট্টি লাইনপাড় এলাকায় দীর্ঘদিন ধরে মাদককারবার চলছে। সন্ধ্যার পর ওই এলাকায় সাধারণ মানুষের চলাচলও কঠিন হয়ে পড়ে। মাদক কারবারিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় পরিস্থিতির উন্নতি হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।
ছেলেকে হারিয়ে আহাজারি করতে তিনি বলেন, মাদক কারবার ও চুরির বিরুদ্ধে দাঁড়ানোই তার ছেলের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। যারা তার ছেলেকে হত্যা করেছে, তাদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
সুলতান মাহমুদ/খাদিজা রুমি/
আরও পড়ুন
রূপগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৩:১৬ পিএম
আপডেট: ২২ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পিএম
ছবি: খবরের কাগজ
-->নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার তারাব পৌরসভার ঢাকা-সিলেট মহাসড়কের মৈকুলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- তারব পৌরসভার মৈকুলী এলাকার বাসিন্দা শাহনাজ বেগম (৫৪) ও একই এলাকার জসিম উদ্দিনের ছেলে রিফাত হোসেন (২১)। গুরুতর আহত তিনজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে একটি ব্যাটারিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে বরপা থেকে রূপসী যাওয়ার পথে দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুইজন নিহত ও তিনজন গুরুতর আহত হন।
ভুলতা হাইওয়ে থানার ইনচার্জ জসিম উদ্দিন জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।
আরও পড়ুন
রুবেল শিকদার/তামান্না রুপা/
আরও পড়ুন
চাঁদপুরে শুরু হয়েছে ৩ দিনব্যাপী ইজতেমা
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৩:০৬ পিএম
আপডেট: ২২ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ পিএম
ছবি: খবরের কাগজ
-->চাঁদপুর শহরের পুরানবাজার দোকানঘর এলাকার মেঘনাপাড়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বাদ ফজর তাবলিগ জামাতের আয়োজনে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে এ ইজতেমা শুরু হয়। এতে চাঁদপুরসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নিচ্ছেন।
তাবলিগ জামাতের আয়োজনে ২২, ২৩ ও ২৪ অক্টোবর পর্যন্ত এ ইজতেমা অনুষ্ঠিত হবে। এর আগে বিভিন্ন স্থানে পাঁচবার জেলা পর্যায়ে ইজতেমা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই চাঁদপুরের বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা ইজতেমা ময়দানে আসতে শুরু করেন।
আরও পড়ুন
ইজতেমায় মুসল্লিদের অবস্থান ও ধর্মীয় কার্যক্রম নির্বিঘ্ন করতে নির্মাণ করা হয়েছে প্যান্ডেলসহ প্রয়োজনীয় অবকাঠামো। মুসল্লিদের চিকিৎসাসেবায় রয়েছে অস্থায়ী মেডিক্যাল ক্যাম্প। পাশাপাশি সার্বক্ষণিক নিরাপত্তাব্যবস্থাও রাখা হয়েছে।
আয়োজকদের আশা, তিন দিনের এ ধর্মীয় আয়োজনে চাঁদপুরের বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার মুসল্লি অংশ নেবেন। ইজতেমায় কোরআন-হাদিসের আলোকে দ্বীনি আলোচনা, ঈমান ও আমলের ওপর বয়ান, জিকির-আযকারসহ বিভিন্ন ধর্মীয় কার্যক্রম অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন
তাবলিগ জামাতের চাঁদপুর জেলার জিম্মাদার মো. আরিফ উল্লাহ জানান, বৃহস্পতিবার শুরু হওয়া জেলা ইজতেমা আগামী শনিবার (২৪ অক্টোবর) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। আখেরি মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সম্প্রীতি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হবে।
তিনি জানান, ধর্মীয় অনুশাসন মেনে জীবন পরিচালনা, আত্মশুদ্ধি এবং দ্বীনের পথে মানুষকে আহ্বান জানানোর উদ্দেশ্যে এ আয়োজন করা হয়েছে।
ফয়েজ আহমেদ/অলি/
