প্রযুক্তি বিশ্বে এআই গবেষণার প্রতিযোগিতা যখন তুঙ্গে, ঠিক তখনই নিজেদের তৈরি প্রথম ফ্রন্টিয়ার বা সর্বাধুনিক স্তরের এআই মডেল ‘মিউজ ওয়ান্ডার’ উন্মোচন করেছে প্রযুক্তি জায়ান্ট মেটা। ওপেনএআই ও অ্যানথ্রোপিকের মতো শীর্ষস্থানীয় এআই ল্যাবগুলোর তৈরি শক্তিশালী মডেলগুলোর সাথে সরাসরি প্রতিযোগিতা করতেই নতুন এই প্রযুক্তি সামনে এনেছে প্রতিষ্ঠানটি।
যুক্তরাষ্ট্রের টেক্সাস ও ওহাইওতে অবস্থিত মেটার প্রমিথিউস ডেটা সেন্টারে এই নতুন মডেল সিরিজটির প্রশিক্ষণ সম্পন্ন করা হয়। গত সোমবার (১২ অক্টোবর) মেটার ‘সুপারইন্টেলিজেন্স ল্যাব’ থেকে একযোগে ‘মিউজ ওয়ান্ডার’ এবং ‘মিউজ ওয়ান্ডার ফুল’ নামের দুটি সর্বাধুনিক মডেল বিশ্ববাসীর সামনে তুলে ধরা হয়।
গত বছরের আগস্টে স্কেল এআই-এর প্রতিষ্ঠাতা অ্যালেক্সান্ডার ওয়াং মেটার চিফ এআই অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তাঁর নেতৃত্বে মেটা তাদের এআই গবেষণা বিভাগ পুনর্গঠন করার পর এটিই প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আসা প্রথম কোনো শীর্ষসারির ফ্রন্টিয়ার মডেল আত্মপ্রকাশ।
চলতি বছরের ৮ এপ্রিল মেটা ‘মিউজ স্পার্ক’ নামের একটি হালকা ও দ্রুতগতির এআই মডেল এনেছিল। তবে নতুন মিউজ ওয়ান্ডার প্রযুক্তিটি সেই তুলনায় অনেক বড় এবং জটিল কোডিং, মাল্টি-স্টেপ লজিক্যাল রিজনিং, আইনি ও আর্থিক নথিপত্র বিশ্লেষণ এবং আধুনিক সফটওয়্যার প্রকৌশলের মতো কাজে বিশেষ পারদর্শিতা দেখাতে সক্ষম।
নতুন এই মডেলগুলোর অন্যতম প্রধান আকর্ষণ হলো ‘অ্যাক্টিভ মেমোরি’ প্রযুক্তি। লঞ্চিং ভিডিওতে মেটার গবেষক কাব্য কোপ্পারাপু জানান, ব্যবহারকারীর প্রয়োজনীয় তথ্য, কাজের ধরন ও দিকনির্দেশনা যেন এআই মডেলটি টানা কয়েক দিন, সপ্তাহ বা মাসজুড়ে মনে রাখতে ও বিশ্লেষণ করতে পারে- সেভাবেই একে তৈরি করা হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তার তথ্য ধারণ ও স্মরণশক্তি যাচাইয়ের আন্তর্জাতিক ‘মেমোরিবেন্চ’ পরীক্ষায় নতুন এই মডেলটি সমসাময়িক অন্যান্য সর্বাধুনিক ফ্রন্টিয়ার মডেলকে পেছনে ফেলে শীর্ষ স্কোর অর্জন করেছে।
আন্তর্জাতিক বিভিন্ন বেঞ্চমার্ক ও টেস্ট রিপোর্ট অনুযায়ী, জটিল কোডিং ও প্রাতিষ্ঠানিক কাজের ক্ষেত্রে মিউজ ওয়ান্ডার বাজারের অন্যতম শীর্ষ শক্তিশালী মডেল Fable 5.1 এবং GPT-6 Astra-র সমকক্ষ পারফরম্যান্স দেখিয়েছে।
মেটা জানিয়েছে, সাধারণ ব্যবহারকারী ও প্রযুক্তি প্রকৌশলীরা প্রধানত তিনটি উপায়ে নতুন এই প্রযুক্তি ব্যবহার করতে পারবেন:
মেটা মডেল এপিআই: ডেভেলপাররা এপিআই-এর মাধ্যমে ‘মিউজ ওয়ান্ডার’ মডেলটি নিজেদের অ্যাপ্লিকেশনে ব্যবহার করতে পারবেন। এতে প্রতি ১ মিলিয়ন ইনপুট টোকেনে ৪ মার্কিন ডলার এবং আউটপুট টোকেনে ২০ মার্কিন ডলার চার্জ নির্ধারণ করা হয়েছে, যা বাজারে জিপিটি-৬ সল (GPT-6 Sol) কিংবা ওপাস ৫.৫ (Opus 5.5)-এর সমমানের।
মিউজ কোড: প্রোগ্রামার ও প্রকৌশলীদের বিশেষ সুবিধা দিতে ‘মিউজ কোড’ প্ল্যাটফর্মে এটি যুক্ত করা হয়েছে। তবে এই সিরিজের সবচেয়ে শক্তিশালী মডেল ‘মিউজ ওয়ান্ডার ফুল’ সরাসরি এপিআই-তে উন্মুক্ত থাকবে না; এটি ব্যবহারের জন্য মিউজ কোডের প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে হবে।
মিউজ পার্সোনাল এআই এজেন্ট: সাধারণ ও পেইড গ্রাহকরা তাঁদের ব্যক্তিগত এআই সহকারীর মূল চালিকাশক্তি হিসেবে এই প্রযুক্তির সুবিধা উপভোগ করতে পারবেন।
ব্যক্তিগত এআই সহকারীকে আরও বেশি কার্যকর ও দীর্ঘমেয়াদি স্মৃতিসম্পন্ন করার লক্ষ্যে মেটার এই পদক্ষেপকে আন্তর্জাতিক প্রযুক্তি বাজার অত্যন্ত ইতিবাচকভাবে দেখছে। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, মিউজ ওয়ান্ডার মডেলের আত্মপ্রকাশের মাধ্যমে এআই বাজারের বর্তমান উদ্ভাবনী প্রতিযোগিতা আরও তীব্র হয়ে উঠবে।
