মোঃ রফিকুল ইসলাম রতন সিনিয়র রিপোর্টার ময়মনসিংহ সদর উপজেলার চরনিলক্ষীয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ভাটিপাড়া গ্রামের পাশে ব্রহ্মপুত্র নদের তীরে গবাদিপশুর চারণভূমি ও তরুণদের খেলাধুলার মাঠ কেটে বালু বিক্রির চক্রান্তের প্রতিবাদে স্মারকলিপি দিয়েছেন এলাকাবাসী ও স্থানীয় তরুণ সমাজ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) এলাকার গুরুত্বপূর্ণ এই চারণভূমি ও খেলার মাঠ রক্ষার দাবিতে ময়মনসিংহ জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় স্থানীয় তরুণ সমাজ ও এলাকাবাসী মাঠ ও চারণভূমি রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান। স্থানীয়দের দাবি, ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত এই জায়গাটি এলাকার গবাদিপশুর চারণভূমি হিসেবে ব্যবহৃত হয়। পাশাপাশি স্থানীয় তরুণদের খেলাধুলা ও শারীরিক চর্চার জন্যও মাঠটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ অবস্থায় মাঠ কেটে বালু বিক্রির উদ্যোগ নেওয়া হলে এলাকার পরিবেশ, পশুপালন এবং তরুণদের খেলাধুলার স্বাভাবিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। স্মারকলিপি গ্রহণকালে ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব আজিম উদ্দিন বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আশ্বাস দেন। তিনি জানান, অতি দ্রুত বালু উত্তোলন ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং প্রয়োজনীয় অভিযান পরিচালনার উদ্যোগ নেওয়া হবে। এ সময় তিনি এলাকার সাধারণ মানুষকে সম্মিলিতভাবে এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে ভূমিকা রাখার আহ্বান জানান। পাশাপাশি জনস্বার্থসংশ্লিষ্ট চারণভূমি ও খেলার মাঠ রক্ষায় স্থানীয় জনগণের সচেতনতা ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। এলাকাবাসীর প্রত্যাশা, জেলা প্রশাসনের দ্রুত পদক্ষেপের মাধ্যমে ব্রহ্মপুত্র নদের তীরবর্তী ভাটিপাড়া এলাকার চারণভূমি ও খেলার মাঠ রক্ষা পাবে। একই সঙ্গে বালু উত্তোলন ও বিক্রির নামে জনস্বার্থবিরোধী কর্মকাণ্ড বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় তরুণ সমাজ ও এলাকাবাসী সংশ্লিষ্ট প্রশাসনের কাছে বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
The post ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদের তীরে চারণভূমি ও খেলার মাঠ রক্ষার দাবিতে স্মারকলিপি appeared first on Matrijagat.
