মা হওয়ার পর এটাই প্রথম দুর্গাপুজো অভিনেত্রী সোহিনী সরকারের। তাই ছোট্ট বীরপুরুষের সঙ্গে এবারের দুর্গাপুজোটা তাঁর কাছে 'এক্সট্রা স্পেশাল'। ছোট্ট খুদের সঙ্গে প্রথম পুজো কেমন কাটছে অভিনেত্রীর? অষ্টমীর বিকেলে অনুরাগীদেরও সেই ঝলক দেখালেন তিনি।
বাবা শোভন গাঙ্গুলি এদিন মা-ছেলের একটি মিষ্টি ছবি তুলে দিয়েছিলেন। সোশ্যাল মিডিয়ার পাতায় এদিন একরত্তির সাথে তোলা সেই ছবিই শেয়ার করে নিয়েছেন সোহিনী। ক্যাপশনে লিখেছেন, "আমাদের পুজো। ছবি তুলে দিয়েছে বাবা।'
ছবিতে দেখা যাচ্ছে মাথার পিছনে হাত রেখে, চোখ বুজে নিশ্চিন্তে শুয়ে আছেন অভিনেত্রী। আর একহাত দিয়ে বুকের মধ্যে চেপে ধরে রেখেছেন একরত্তি ছেলেকে। সোহিনীর পরনে রয়েছে খয়েরি রঙের পোষাক। আর ছেলের গায়ে আছে একটা সাদা জামা।
প্রসঙ্গত গতমাসেই ২০ অক্টোবর মা হয়েছেন টলি অভিনেত্রী। সেই সুখবর সোহিনী এবং তার স্বামী শোভন দুজনেই ভাগ করে নিয়েছিলেন অনুরাগীদের সাথে। কিছুদিন আগেই মা হওয়ার পর প্রথম জন্মদিন উদযাপন করেছিলেন অভিনেত্রী। মাত্র ১০ দিনের একরত্তিকে কোলে নিয়ে কেক কেটেছিলেন তিনি।
যদিও সেদিনও ছেলের মুখ দেখাননি অভিনেত্রী। আর আজ অষ্টমীর দিনও ছেলের ছবি শেয়ার করে নিলেও এখনও পর্যন্ত তার মুখ দেখাননি তিনি।
https://youtu.be/uc8rfW3anwI?si=eyt4l5LmBLKMwnPW
প্রসঙ্গত এবারের পুজোয় বড় পর্দায় মুক্তি পেয়েছে সোহিনী অভিনীত নতুন সিনেমা। তাই বোঝাই যাচ্ছে এবারের দুর্গাপুজোটা সব দিক থেকেই অভিনেত্রীর কাছে সত্যিই একটু বেশি স্পেশাল। শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় জুটির নতুন সিনেমা 'বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু'-তে অভিনেতা যিশু সেনগুপ্তের সঙ্গে জুটি বেঁধেছেন সোহিনী।
