কৃষকের ডিজেলচালিত সেচপাম্পগুলো সৌরবিদ্যুতের আওতায় আনা যায় কিনা তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। এ বিষয়ে কয়েকজনের সঙ্গে আলোচনা করতে গিয়ে দুটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। আমার মনে হয়, আজকের আলোচনা থেকে এ বিষয়ে কার্যকর কিছু সুপারিশ বা সিদ্ধান্ত আসতে পারে। প্রথমত, সরকার দেশে ব্যাপকভাবে সৌরবিদ্যুৎ সম্প্রসারণের উদ্যোগ নিচ্ছে। এক্ষেত্রে লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হবে। কিন্তু বাজারে নকল ও ভেজাল ব্যাটারি আসার আশঙ্কা রয়েছে কিনা সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ব্যাটারি সৌরবিদ্যুৎ ব্যবস্থার একটি অপরিহার্য অংশ। নিম্নমানের বা ভেজাল ব্যাটারি ব্যবহার করা হলে পুরো ব্যবস্থার কার্যকারিতা ও স্থায়িত্ব ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই ব্যাটারির মান নিশ্চিত করা এবং বাজারে নকল পণ্যের প্রবেশ ঠেকাতে কার্যকর নজরদারি প্রয়োজন।
দ্বিতীয়ত, বাংলাদেশের ধুলাবালিপূর্ণ পরিবেশে সৌর প্যানেলের নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে। একজনের সঙ্গে আলোচনায় জেনেছি, ধুলাবালির কারণে সৌর প্যানেল মাসে অন্তত একবার পরিষ্কার করার প্রয়োজন হতে পারে। বিষয়টি গুরুত্বপূর্ণ, কারণ প্যানেলে ধুলা জমলে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা কমে যেতে পারে। তাই সৌরবিদ্যুৎ সম্প্রসারণের পাশাপাশি প্যানেল পরিষ্কারের নিয়মিত ব্যবস্থা, রক্ষণাবেক্ষণ নির্দেশিকা ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের ভূমিকা নির্ধারণ করা প্রয়োজন। এরই মধ্যে যেসব স্থানে সৌর প্যানেল স্থাপন করা হয়েছে, সেগুলোর নিয়মিত পরিচর্যার ব্যবস্থা রয়েছে কিনা তাও খতিয়ে দেখা দরকার। তা না হলে প্যানেলের কার্যকারিতা কমে যেতে পারে।
