
চট্টগ্রামের বাঁশখালীতে চক্ষুসেবা, স্বাস্থ্যসচেতনতা, বৃক্ষরোপণ ও অসহায় মানুষের পুনর্বাসনে দিনব্যাপী কর্মসূচি পালন করেছে লায়ন্স ক্লাব অব চিটাগাং ডায়নামিক সিটি ও লিও ক্লাব অব চিটাগাং গোল্ডেন সিটি। সালমা-আদিল ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে ছয় শতাধিক গ্রামবাসী বিভিন্ন ধরনের সেবা গ্রহণ করেন।
রোববার (২৫ অক্টোবর) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বাঁশখালী হামেদিয়া রহিমা ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে চোখের প্রাথমিক চিকিৎসা, ছানি অস্ত্রোপচারের জন্য রোগী শনাক্তকরণ, রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা ও চশমা বিতরণ করা হয়। চক্ষুসেবা কার্যক্রমে সহযোগিতা করে লায়ন্স চ্যারিটেবল আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল, চট্টগ্রাম। পাশাপাশি বৃক্ষরোপণ এবং শৈশবকালীন ক্যানসার, ডেঙ্গু, চিকুনগুনিয়া ও খোসপাঁচড়া প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়।
কর্মসূচির আওতায় অসহায় পরিবারের জন্য ঘর নির্মাণ, জীবিকা নির্বাহে গবাদিপশু বিতরণ, আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরিতে সেলাই মেশিন প্রদান এবং বাড়িঘর মেরামত ও পুনর্নির্মাণে ঢেউটিন বিতরণ করা হয়। এ ছাড়া সুবিধাবঞ্চিত পরিবারের মেয়েদের বিয়েতে আর্থিক সহায়তা এবং ধর্মীয় শিক্ষার প্রসারে পবিত্র কোরআন শরিফ, হাফেজদের পাগড়ি ও রিহাল বিতরণ করা হয়।
লায়ন্স ক্লাব অব চিটাগাং ডায়নামিক সিটির চলতি সেবা বর্ষের প্রেসিডেন্ট লায়ন সালমা আদিল, এমজেএফের নেতৃত্বে এবং ক্লাব সার্ভিস চেয়ারপারসন লায়ন আফরোজা বেগমের সার্বিক তত্ত্বাবধানে এ আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালমা-আদিল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও কঙ্গোর অনারারি কনসাল জিয়াউদ্দিন আদিল। আরও উপস্থিত ছিলেন বাঁশখালী টাইমসের সম্পাদক আবু ওবায়েদ আরাফাত এবং বাঁশখালী রহিমা এতিমখানার সভাপতি ইশতিয়াক উদ্দিন চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা ৩১৫ বি৪-এর গভর্নর লায়ন মোহাম্মদ কামরুজ্জামান লিটন, পিএমজেএফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন মোহাম্মদ আবু বকর সিদ্দিকী, পিএমজেএফ। সম্মানিত অতিথি ছিলেন সাবেক জেলা গভর্নর লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী, পিএমজেএফ।
প্রধান অতিথির বক্তব্যে লায়ন মোহাম্মদ কামরুজ্জামান লিটন বলেন, লায়ন্স সদস্যরা বিশ্বজুড়ে মানুষের কল্যাণে কাজ করছেন। ডায়নামিক সিটি লায়ন্স ক্লাব ও সালমা-আদিল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগ প্রশংসনীয়। এ ধরনের কার্যক্রম অন্যদেরও মানবিক সেবায় এগিয়ে আসতে উৎসাহিত করবে বলে তিনি উল্লেখ করেন।
লায়ন সালমা আদিল বলেন, মানুষের মৌলিক চাহিদা পূরণ, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং আবাসন ও জীবিকার সুযোগ তৈরির মাধ্যমে অসহায় মানুষকে স্বাবলম্বী করাই তাঁদের লক্ষ্য। মানুষের মর্যাদাপূর্ণ জীবন গড়তে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে লায়ন্স জেলা ক্যাবিনেটের কোষাধ্যক্ষ লায়ন জিল্লুর রহমান, এমজেএফ; জিএসটি লায়ন হেলাল উদ্দিন; জিএলটি লায়ন মুহাম্মদ মুসা; লায়ন সাব্বির আহমেদ; লায়ন মাহী চৌধুরী; লায়ন আরশাদুর রহমান; লায়ন এ কে এম সালাউদ্দিন, এমজেএফ; লায়ন নুরুল আলম; লায়ন জিয়াউদ্দিন সোহেল; জেড সি ওয়ান লায়ন সাইফুল ইসলাম; লায়ন জাহাঙ্গীর আলম; লায়ন আবদুর রাজ্জাক; লায়ন এম এ আজিজ হাওলাদার; লায়ন সাইফুল ইসলাম এবং লিও আরিফুল ইসলামসহ লায়ন্স ও লিও জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন লায়ন শওকত চৌধুরী, এমজেএফ।
অর্থসূচক/
The post বাঁশখালীতে ছয় শতাধিক মানুষকে সেবা দিল ডায়নামিক সিটি লায়ন্স ক্লাব appeared first on অর্থসূচক.
