খাগড়াছড়িতে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত
১৫ অক্টোবর ২০২৬, ০৪:২১ পিএম

খাগড়াছড়িতে পার্বত্য জেলা পরিষদ ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে দিবসটি উপলক্ষে একটি সংক্ষিপ্ত র্যালি বের করা হয়। পরে খাগড়াছড়ি জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবদুল্লাহ মো. ওয়ালী উল্লাহর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা। বিশেষ অতিথি ছিলেন পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মো. ইলিয়াস মেহেদী ও সদস্য এম এন আবছার।
এ ছাড়া অনুষ্ঠানে খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি তরুণ ভট্টাচার্য, পার্বত্য জেলা পরিষদের সদস্য নারায়ণ ত্রিপুরা, কুহেলী দেওয়ান, ক্ষেত্রমোহন রোয়াজা, মংসাপ্রু চৌধুরী ও তাছলিমা সিরাজ সীমাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসের মূল লক্ষ্য দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলে নিরাপত্তা নিশ্চিত করা এবং তাঁদের অধিকার ও সামাজিক অন্তর্ভুক্তি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা।

