শুরুতেই ধাক্কা। পরপর দুই বলে দুই উইকেট হারিয়ে চাপে পড়া বাংলাদেশ একটু ঘুরে দাঁড়ানোর আশা দেখছিল নাজমুল হোসেন শান্তর ব্যাটে। কিন্তু তিনিও বেশিক্ষণ টিকতে পারলেন না। শান্তর বিদায়ের পরপরই ফিরেছেন অধিনায়ক তাওহীদ হৃদয়ও। আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৭ ওভারে ২৮ রান তুলতেই ৪ উইকেট হারিয়েছে বাংলাদেশ।
শারজায় ইনিংসের দ্বিতীয় ওভারে প্রথম ধাক্কা খায় বাংলাদেশ। ইয়ামিন আহমাদজাইয়ের অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে উইকেটের পেছনে রহমতউল্লাহ গুরবাজের ক্যাচ হন তানজিদ হাসান। ৬ বলে ১ রান করে ফেরেন এই ওপেনার। পরের বলেই সাজঘরে সৌম্য সরকার। ইয়ামিনের অফ স্টাম্পের বাইরের বল কাভার ড্রাইভ করতে গিয়ে নিজের স্টাম্পে টেনে আনেন সৌম্য। তিনে নেমে গোল্ডেন ডাক নিয়ে ফেরেন তিনি।
সৌম্যর বিদায়ের পর ইয়ামিনের হ্যাটট্রিক ঠেকিয়ে দেন শান্ত। শুরুতে একবার ব্যাটের কানায় লেগে বল স্টাম্প ঘেঁষে বেরিয়ে যাওয়ায় চারও পেয়েছিলেন তিনি। তবে অফ স্টাম্পের বাইরের বলে অস্বস্তি কাটাতে পারেননি এই বাঁহাতি ব্যাটসম্যান। আজমতউল্লাহ ওমরজাইয়ের বলে গুরবাজের গ্লাভসে ধরা পড়েন ২৩ বলে ১৫ রান করে।
শান্তর বিদায়ের পর ক্রিজে এসে বেশিক্ষণ টিকতে পারেননি অধিনায়ক হৃদয়ও। ওমরজাইয় নিজের বলে নিজে ক্যাচ নিয়েই ফিরিয়েছেন তাঁকে।
বাংলাদেশের ইনিংস শুরুতে সৌম্য সরকার একাদশে থাকলেও তাঁকে ওপেনিংয়ে রাখেনি দল। আগের ম্যাচে মিডল অর্ডারে খেলা সাইফ হাসানকে তানজিদ হাসানের সঙ্গী করে ইনিংস শুরু করানো হয়। তবে শুরুতেই তিন উইকেট হারানোর পর চাপ সামলানোর দায়িত্ব পড়ে সাইফের ওপর। ৭ ওভার শেষে বাংলাদেশের রান ৪ উইকেটে ২৮।
