প্রতিনিধি, হবিগঞ্জ · ১৩ অক্টোবর, ২০২৬ ১২:৪২ অপরাহ্ন
বরের বয়স ২১ বছর পূর্ণ না হওয়ায় হবিগঞ্জের মাধবপুরে বিয়ের আয়োজন বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় বরের চাচা মজিদ রহমানকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) উপজেলার জগদীশপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিয়েবাড়িতে অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৈত্রী রায়। এ সময় বর ও কনের পরিচয়পত্র এবং জন্মনিবন্ধনের তথ্য যাচাই করা হয়। এতে বরের বয়স ১৮ বছর পাওয়া যায়। পরে বিয়ের আনুষ্ঠানিকতা বন্ধ করে দেন ভ্রাম্যমাণ আদালত।
এ ঘটনায় বরের অভিভাবক হিসেবে তার চাচা মজিদ রহমানকে জরিমানা করা হয়। একই সঙ্গে দুই পরিবারের অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। বরের আইনসম্মত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না বলে তারা অঙ্গীকার করেন।
স্থানীয় এক ব্যক্তি জানান, বিয়ের আনুষ্ঠানিকতা প্রায় শেষ পর্যায়ে ছিল। কনের সম্মতি নেওয়ার পর বরের সম্মতি নেওয়ার সময় প্রশাসনের কর্মকর্তারা সেখানে পৌঁছান। ফলে বিয়েটি সম্পন্ন হওয়ার আগেই তা বন্ধ হয়ে যায়।
কনের বাবা বলেন, তার মেয়ের বয়স ১৯ বছর পাঁচ মাস। কিন্তু বরের বয়স কম হওয়ায় বিয়ে বন্ধ হয়ে গেছে। বিয়ের জন্য রান্না করা খাবার নষ্ট হওয়ায় তাঁকে আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে।
বরের চাচা মজিদ রহমান জানান, বরযাত্রী নিয়ে কনের বাড়িতে পৌঁছানোর কিছুক্ষণ পরই প্রশাসন সেখানে আসে। জন্মনিবন্ধন যাচাই করে বরের বয়স ১৮ বছর পাওয়ার পর তাকে জরিমানা করা হয়। পরে বরযাত্রী নিয়ে খাবার না খেয়েই ফিরে যান তারা।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৈত্রী রায় বলেন, বাল্যবিয়ে প্রতিরোধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
গুগলে আমাদের খবর পেতে
