ক্যারিবিয়ানদের বিরুদ্ধে নয়া নজির তিলকেরছবি: ANI
Published on
:
2 min read
দ্বিতীয় টি-টোয়েন্টিতে হারের ধাক্কা কাটিয়ে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দারুণ কামব্যাক করেছে ভারত। ব্যাটে-বলে দাপট দেখিয়ে রবিবার তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ১৪ রানে জয় তুলে নিয়েছে টিম ইন্ডিয়া। আর এই ম্যাচেই শিরোনামে উঠে এসেছেন তারকা ক্রিকেটার তিলক বর্মা। অদ্ভুত ভাবে রান আউট হলেও ফিল্ডিংয়ে নয়া নজির গড়লেন ভারতের সহ-অধিনায়ক। নাম জুড়ল বিরাট কোহলি, রোহিত শর্মাদের সঙ্গে এলিট লিস্টে। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ফিল্ডার হিসেবে ৫০টি ক্যাচ নেওয়ার নজির গড়লেন তিনি। ভারতের পঞ্চম ক্রিকেটার হিসেবে গড়লেন এই নজির। তবে ধারাবাহিকতার কারণে স্পেশ্যাল হয়ে উঠেছে তিলকের এই রেকর্ড।
কোন রেকর্ড গড়লেন তিলক বর্মা?
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ৫০টি ক্যাচ নিয়েছেন তিলক। মাত্র ৬৮টি ম্যাচ খেলে গড়লেন এই নজির। প্রতি ইনিংসে ক্যাচ নেওয়ার অনুপাতের বিচারে ভারতীয় ফিল্ডারদের মধ্যে (অন্তত ৫০টি ক্যাচ) শীর্ষে রয়েছেন তিলক। তাঁর অনুপাত ০.৭৫৭। আর বিশ্ব ক্রিকেটেও এই পরিসংখ্যান যথেষ্ট নজরকাড়া। টি-টোয়েন্টিতে পুরুষ ক্রিকেটারদের মধ্যে ৫০ ক্যাচ পূর্ণ করার ক্ষেত্রে তিলকের চেয়ে ভালো অনুপাত রয়েছে একমাত্র সংযুক্ত আরব আমিরশাহির মহম্মদ ওয়াসিমের। ৯৯টি ম্যাচে ৭৬টি ক্যাচ নিয়ে তাঁর অনুপাত ০.৭৬৭।
রোহিত-কোহলিদের এলিট ক্লাবে তিলক
ভারতের হয়ে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ফিল্ডার হিসেবে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়ার তালিকায় শীর্ষে রোহিত শর্মা। ৬৫টি ক্যাচ নিয়েছিলেন তিনি। ৬৪ ক্যাচ নিয়ে দ্বিতীয় স্থানে আছেন হার্দিক পান্ডিয়া। ৫৮টি ক্যাচ নিয়ে তৃতীয় স্থানে সূর্যকুমার যাদব। ৫৪ ক্যাচ নিয়ে চারে আছেন বিরাট। পঞ্চম ক্রিকেটার হিসেবে সেই তালিকায় নাম লেখালেন তিলক।
𝐖𝐀𝐈𝐓, 𝐖𝐇𝐀𝐓 𝐉𝐔𝐒𝐓 𝐇𝐀𝐏𝐏𝐄𝐍𝐄𝐃?! 🤯 A near-boundary save turns into a run-out as the West Indies catch Tilak Varma short of his crease! #INDvWI 3rd T20I | LIVE NOW 👉 https://t.co/GmwwFjql5J https://t.co/plCeyKV5SE
— Star Sports (@StarSportsIndia) October 11, 2026
অদ্ভুত ভাবে রান আউট তিলক
রেকর্ড গড়ার দিনেও অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়েছিলেন তিলক। ভারতের ইনিংসের ১৭তম ওভারে গুডাকেশ মোটির বলে শট খেলেছিলেন অক্ষর প্যাটেল। বাউন্ডারির কাছে বল আটকানোর চেষ্টা করেন ক্যারিবিয়ান ফিল্ডার কামিল পুরান। কিন্তু তিলক ও অক্ষর ভেবেছিলেন, বল আটকাতে গিয়ে পুরান বাউন্ডারি রোপ ছুঁয়ে ফেলেছেন।
কিন্তু আসলে বল বাউন্ডারি পেরিয়ে যায়নি। পুরান দ্রুত থ্রো করেন। অক্ষর ক্রিজ়ে পৌঁছে গেলেও তিলক নন-স্ট্রাইকার এন্ডের দিকে এগিয়ে যাচ্ছিলেন। সেই সুযোগে বল পেয়ে স্টাম্প উড়িয়ে দেন মোটি। ১৬ বলে ২৮ করে রান আউট হয়ে ফেরেন তিলক।
