খুলনা গেজেট অক্টোবর ১৪, ২০২৬ ১২:৩৭ পূর্বাহ্ণ
সাবেক কাউন্সিলর টিপুর ভাই গোলাম রসুলের বাড়ি থেকে ১৫৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৯টার দিকে দৌলতপুর থানার উত্তর দেয়ানা থেকে গুলিগুলো উদ্ধার করে পুলিশ। রাতে তাকে গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
গোয়েন্দা পুলিশের একটি সূত্র জানায়, গোলাম রসুল খালিশপুর বঙ্গবাসী বিদ্যালয়ের ভোকেশনাল শাখার শিক্ষক। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে তার কাছে অবৈধ অস্ত্র ও গুলি রয়েছে। এমন তথ্যের ভিত্তিতে তারা রাতে বাড়িতে অভিযান চালায়। তারা আলমারি খুলতে বললে তিনি প্রথমে তা খুলতে রাজি হয়নি। পরে সেটা খোলেন গোলাম রসুল। এ সময় পুলিশ ১৪১ রাউন্ড পয়েন্ট টু টু বোরের গুলি এবং ১৩ রাউন্ড শর্টগানের সিসা গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় রাতে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
মহানগর গোয়েন্দা পুলিশের ডেপুটি কমিশনার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া বলেন, লাইসেন্স বহির্ভূত ১৫৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এছাড়া ১২ ইঞ্জি. লম্বা একটি ধারালো ছুরিও তার বাড়ি থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় গোলাম রসুলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।
খুলনা গেজেট/এএজে
