ইংল্যান্ড প্রবাসীর পক্ষ থেকে এক মাসের খাদ্য সামগ্রী উপহার পেলেন সেই অসহায় বৃদ্ধ সাকাত পরিবার

“পাইকগাছায় বৃদ্ধ সাকাত দম্পতির মানবেতর জীবন যেনো ভাঙ্গা ঘরে অনিশ্চিত ভবিষ্যৎ” এমন শিরোনামে পত্র পত্রিকাসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় খবর প্রকাশের পর সূদূর ইংল্যান্ড থেকে সেই অসহায় সাকাত মোড়লের পাশে দাঁড়িয়ে মানবতার এক দৃষ্টান্ত স্থাপন করেছেন ইংল্যান্ড প্রবাসী তারেক মাহমুদ।
শনিবার সকালে খুলনার পাইকগাছা উপজেলার ২নং কপিলমুনি ইউনিয়নের ৭নং ওয়ার্ড শিলেমানপুর গ্রামের অসহায় বৃদ্ধ সাকাত মোড়লের বাড়িতে এসে ইংল্যান্ড প্রবাসী তারেক মাহমুদের পক্ষ থেকে উপহার স্বরূপ এ পরিবারকে এক মাসের খাদ্য সামগ্রী প্রদান করেন “ইউনিভার্সাল “এমিটি” ফাউন্ডেশনের প্রোগ্রাম কো অর্ডিনেটর মাহফুজুর রহমান। এ সময় তিনি বলেন, আমি স্যোশাল মিডিয়ায় সাকাত মোড়লের মানবেতর জীবন-যাপনের বিষয়টি জানতে পেরে ইংল্যান্ড প্রবাসী তারেক মাহমুদ ভাইকে বিষয়টি অবহিত করি। এরপর তার পক্ষ থেকেই উপহার স্বরূপ এক মাসের খাদ্য সামগ্রী এই বৃদ্ধ সাকাত দম্পতির বাড়িতে এসে প্রদান করি।
তিনি আরও বলেন, আসুন আমরা আমাদের নিজ নিজ জায়গা থেকে যতটুকু পারি এই অসহায় পরিবারকে সহায়তা দিয়ে তার পাশে দাড়াই। এছাড়াও তিনি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বানও জানান।
উল্লেখ্য: জীবনযুদ্ধে একা লড়াই করে বর্তমানে অসুস্থ স্ত্রীকে নিয়ে জরাজীর্ণ একটি ভাঙ্গা ঘরে বসবাস করছেন সিলেমানপুর গ্রামের বাসিন্দা ৭০ বছরের বৃদ্ধ মোঃ সাকাত মোড়ল।
বর্তমানে এই বৃদ্ধ দম্পতির বসবাসের ঘরটির একটি অংশ ভেঙে পড়েছে আর যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে বাকি অংশটুকুও। এদিকে হয়তো কেউ না কেউ এসে অসুস্থ স্ত্রীকে নিয়ে মাথা গোঁজার ঠাঁই হিসেবে বসবাস করার জন্য একটি নতুন ঘর উপহার দিবে সেই আশায় চাতক পাখির ন্যায় সমাজের বিত্তবানদের দিকে তাকিয়ে আছেন এই অসহায় পরিবারটি।
এছাড়াও এই অসহায় পরিবারটি যাতে একটি নতুন ঘর পেতে পারে তার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।
এই বিভাগের আরো খবর






