চট্টগ্রামের সীতাকুণ্ডে দুর্বৃত্তদের গুলিতে তারেক হোসেন বাপ্পি (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন তাফসির আলম শাওন (২২) নামে আরেক যুবক। তার অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার রাতে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের অলিনগর এলাকায় এ ঘটনা ঘটে। কারা এবং কী কারণে এ হামলা চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয়দের ধারণা, সাগরে বালু উত্তোলনে বিরোধ ঘিরে কয়েক দিন ধরে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। বিরোধ ঘিরে এ ঘটনা ঘটে থাকতে পারে।
নিহত বাপ্পি ওই ইউনিয়নের মধ্যম মাহমুদাবাদ এলাকার কুরবান আলীর বাড়ির মৃত আলী আহমদ ও জমিলা খাতুনের ছেলে। আহত শাওন অলিনগর এলাকার ইউসুফের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নুরুল আলম আশেক স্বজনদের বরাতে বলেন, অলিনগরে কয়েকজন দুর্বৃত্ত অতর্কিতে হামলা চালিয়ে গুলি করে। এতে বাপ্পি ও শাওন গুলিবিদ্ধ হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাপ্পিকে মৃত ঘোষণা করেন। শাওনকে হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
The post সীতাকুণ্ডে গুলিতে নিহত যুবক, আরেকজনের অবস্থা আশঙ্কাজনক appeared first on সুপ্রভাত বাংলাদেশ.
