Published on
:
1 min read
ছিপ দিয়ে মাছ ধরছিলেন। বঁড়শিতে গেঁছে গিয়েছিল মাছ। কিন্তু তার পরে টান মেরে ছিপ নিয়ে মাছ পালিয়ে যায়। হাত ফসকে ছিপ চলে যায় পুকুরে। সেই ছিপ তুলতে গিয়ে মৃত্যু হলো এক বৃদ্ধের। পান্ডুয়া থানা এলাকায় দিঘিরপাড়ের শিঙে পুকুরের ঘটনা। মৃতের নাম বিরাম মুর্মু (৭০)।
বিষয়টি নজরে পড়তেই ছুটে আসেন আশপাশের বাসিন্দারা। স্থানীয় লোকজন তড়িঘড়ি জলে নেমে তাঁকে উদ্ধার করে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে পান্ডুয়া থানার পুলিশ হাসপাতালে পৌঁছয়। ওই বৃদ্ধের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, প্রায় প্রতিদিনই বিকেলে পুকুরে ছিপ ফেলে মাছ ধরতেন বৃদ্ধ। পুকুর গভীর থাকায় জলে তলিয়ে যান তিনি, মনে করছেন স্থানীয়রা। কী ভাবে তিনি পুকুরে ডুবে গেলেন তা এখনও স্পষ্ট নয়। হাত থেকে ছিপ বেরিয়ে যাওয়ার পরে কী ভাবে তিনি পুকুরে নামলেন, কী ভাবে তিনি ডুবে গেলেন তা নিয়ে প্রশ্ন রয়েছে। লক্ষ্মীপুজোর আগে এমন ঘটনায় শোকস্তব্ধ গোটা গ্রাম।