পুলিশ বলছে, আসামিরা কল্পলোক আবাসিক এলাকার একটি ব্রিজের নিচে লাশ ফেলে রেখে চলে যায়।
Published : 15 Oct 2026, 06:26 PM
Updated : 15 Oct 2026, 06:26 PM
চট্টগ্রামের বাকলিয়ায় এক তরুণকে পিটিয়ে হত্যার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করার তথ্য দিয়েছে পুলিশ।
বুধবার রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন বাকলিয়া থানার ওসি শাহীনুর আলম।
নিহত ২১ বছর বয়সি ইমন নগরীর বাকলিয়া থানার কালামিয়া বাজার এলাকার মৃত মহিউদ্দিনের ছেলে।
পুলিশের ভাষ্য, 'চুরির চেষ্টার' অভিযোগ তুলে তাকে পিটিয়ে হত্যা করে লাশ ব্রিজের নিচে ফেলে রাখা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার চারজন হলেন- আব্দুর রহমান জিসান (২১), ইয়াছিন আরাফাত (২৩), মো. হাসান (৩৩) ও মো. মিজানুর রহমান (২৭)। চারজনই বাকলিয়া এলাকার বাসিন্দা।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশার (জনসংযোগ) আমিনুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মিজানুর রহমান দোকানে প্রবেশের পর ইমনকে ধরে ফেলেন।
"পরে তাকে কল্পলোক আবাসিকের রাত্রিকালীন পাহারারত সিকিউরিটি গার্ড ও দারোয়ানদের হাতে তুলে দেয়। তখন ইমনকে আটকে মারধর করা হয়।"
এ পুলিশ কর্মকর্তা বলেন, আসামিরা তাদের হাতে থাকা লাঠিসোঁটা দিয়ে ইমনকে মারতে মারতে কল্পলোক মডেল মসজিদের দক্ষিণে সাজেদা ফাউন্ডেশনের দক্ষিণ পাশে অবস্থিত খালি মাঠে নিয়ে যান এবং সেখানে এলোপাতাড়ি মারধর করে হত্যা করেন।
তিনি বলেন, লাশ গুম করার উদ্দেশ্যে বুধবার ভোরে কল্পলোক আবাসিকের ২ নম্বর রোডের মুখে ৫ নম্বর ব্রিজের নিচে বেইজের ওপর ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
লাশ উদ্ধারের পর ইমনের ফুফু রেহানা বেগম মামলা করেন।
