কালবেলা · আন্তর্জাতিক
রিয়াদে আবারও হামলা, ৩ ড্রোন ভূপাতিত
১৩/১০/২০২৬

সৌদি আরবের রাজধানী রিয়াদের উত্তরে ৩টি ড্রোন প্রতিহত করে ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। মঙ্গলবার (১৩ অক্টোবর) এক বিবৃতিতে জোটটি এ তথ্য জানায়।
তবে ড্রোনগুলো কোথা থেকে উৎক্ষেপণ করা হয়েছিল, কারা এগুলো পাঠিয়েছে কিংবা সেগুলোর লক্ষ্যবস্তু কী ছিল, এসব বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি জোটটি।
আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির মধ্যে এ ঘটনা ঘটল। বিশেষ করে সৌদি নেতৃত্বাধীন জোট ও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মধ্যে সংঘাতের উত্তেজনা বাড়তে থাকায় নতুন করে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
তবে ড্রোনগুলোকে কেন্দ্র করে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি।
এদিকে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলা জোরদার হওয়ার মধ্যে নিরাপত্তা শঙ্কায় একের পর এক প্রাসাদ বদলাতে হচ্ছে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে। কঠোর নিরাপত্তাবেষ্টিত এই প্রাসাদগুলোয় রয়েছে বাংকার-সুবিধা। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল।
৪১ বছর বয়সী যুবরাজকে সর্বশেষ গত ৬ অক্টোবর জনসমক্ষে দেখা যায়। সেদিন তিনি দেশটির একটি জাতীয় রক্তদান কর্মসূচিতে রক্ত দেন। এরপর থেকে তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সৌদি আরব ও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মধ্যে সংঘাত তীব্র হওয়ার প্রেক্ষাপটে যুবরাজের নিরাপত্তায় তার পছন্দের একটি বিশেষ দল নিয়োজিত রয়েছে বলেও জানিয়েছে সংবাদমাধ্যমটি।
বিন সালমানের এই ‘প্রাসাদ থেকে প্রাসাদে পালানো’র এই খবর এমন এক সময়ে আসছে যখন হুতিরা ড্রোন, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে রাজধানী রিয়াদে বোমাবর্ষণ অব্যাহত রেখেছে, যার ফলে বারবার হামলার মুখে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর ১৭ অক্টোবর পর্যন্ত বন্ধ করে দিতে বাধ্য হয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি
মূল প্রতিবেদনে যান ↗