স্টাফ রিপোর্টার : শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে ১২টি নির্দেশনা জারি করেছে সিলেট রেঞ্জ পুলিশ। নির্দেশনায় পূজামণ্ডপে নিরাপত্তা তল্লাশি, নারী-পুরুষের পৃথক প্রবেশ ও প্রস্থান পথ, অগ্নিনির্বাপণের ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি গুজব, জুয়া, আতশবাজি ও পটকা ফোটানো নিষিদ্ধ করা হয়েছে।
রোববার (১১ অক্টোবর) সিলেট রেঞ্জ পুলিশের মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেয়া হয়। পূজাকে কেন্দ্র করে শান্তিপূর্ণ পরিবেশ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে নির্দেশনাগুলো মেনে চলার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ।
নির্দেশনায় বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকতে হবে। পূজামণ্ডপের আশপাশে অবৈধ দোকানপাট বসানো ও রাস্তায় যত্রতত্র গাড়ি পার্কিং করা যাবে না। পূজা উপলক্ষে মেলা কিংবা অতিরিক্ত কোনো উৎসব বা অনুষ্ঠানের আয়োজনও নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া মোটরসাইকেলের রেস ও বেপরোয়া গতিতে চলাচল থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
মণ্ডপে বিশৃঙ্খলা এড়াতে নারী ও পুরুষের জন্য পৃথক প্রবেশ ও প্রস্থান পথ, পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং অগ্নিনির্বাপক যন্ত্র রাখতে বলা হয়েছে। নিরাপত্তা তল্লাশিতে স্থানীয় স্বেচ্ছাসেবকদের সহযোগিতা নেওয়ার পাশাপাশি নারী দর্শনার্থীদের তল্লাশির জন্য পর্যাপ্ত নারী স্বেচ্ছাসেবক রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রতিমা বিসর্জনের সময় পুলিশ নির্ধারিত পথ অনুসরণ করতে হবে। পূজামণ্ডপে হাউজি, জুয়া, আতশবাজি ও পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ। ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে আজান ও নামাজের সময় শব্দযন্ত্রের ব্যবহার সীমিত রাখা এবং উচ্চস্বরে শব্দ সৃষ্টি না করার নির্দেশ দেওয়া হয়েছে। জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশের সহযোগিতা নিতে বলা হয়েছে।
এর আগে, দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে শনিবার (১০ অক্টোবর) সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে বিশেষ পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে এবং অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আনোয়ারুল হকের সঞ্চালনায় সভায় রেঞ্জের চার জেলার পুলিশ সুপার, আরআরএফ সিলেটের কমান্ড্যান্টসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জুম প্ল্যাটফর্মে রেঞ্জের সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও তদন্তকেন্দ্রের ইনচার্জরাও সভায় যুক্ত হয়ে মাঠপর্যায়ে নিরাপত্তা নিশ্চিতের নির্দেশনা গ্রহণ করেন।
