অনলাইন ডেস্ক
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩২৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ২৮ জনে এবং মোট হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৯৭৯ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ১৪৬ জন রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে)। এছাড়া বরিশাল বিভাগে ৬৩ জন, চট্টগ্রামে ৫১ জন, খুলনায় ৪০ জন, ময়মনসিংহে ১৩ জন, রাজশাহীতে ৯ জন, রংপুরে ৬ জন এবং সিলেট বিভাগে একজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
একই সময়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৮ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা ছিলেন।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৮২৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ঢাকা সিটি করপোরেশনের হাসপাতালগুলোতে ১৭৬ জন এবং দেশের অন্যান্য জেলার হাসপাতালে ৬৫৩ জন চিকিৎসা নিচ্ছেন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩২২ জন। চলতি বছরে এখন পর্যন্ত মোট ৮ হাজার ১২২ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
নতুন ভর্তি হওয়া ৩২৯ রোগীর মধ্যে ২১২ জন (৬৪.৪ শতাংশ) পুরুষ এবং ১১৭ জন (৩৫.৬ শতাংশ) নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২৬ থেকে ৩০ বছর বয়সীদের মধ্যেই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি।
