নিয়নের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্গাপূজার ছুটিতে তিনি বাড়িতে আসেন। বুধবার তিনি বড় ভায়রা মাকসুদের বাড়িতে দাওয়াত খেতে যান।
গাইবান্ধায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে ঘাঘট নদীতে গোসল করতে নেমেছিলেন নাজমুল হুদা নিয়ন (৪০)। পরে নিখোঁজ হওয়ার তিন দিন পর নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বিকাল ৩টার দিকে রংপুর থেকে আসা ডুবুরি দল সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের কাজলডোপ এলাকায় নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।
শনিবার (২৪ অক্টোবর) বিকাল ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রিফাত আল মামুন।
এর আগে বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে কাজলডোপ এলাকায় ঘাঘট নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন নিয়ন। খবর পেয়ে সেদিনই ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। পরে রংপুর থেকে ডুবুরি দল এসে উদ্ধারকাজে যোগ দেয়। তৃতীয় দিনের মতো অভিযান চালিয়ে আজ বিকালে নিয়নের মরদেহ উদ্ধার করা হয়।
নাজমুল হুদা নিয়ন গাইবান্ধা শহরের পশ্চিমপাড়া এলাকার মোয়াজ্জেম হোসেনের ছেলে। তিনি ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।
নিয়নের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্গাপূজার ছুটিতে তিনি বাড়িতে আসেন। বুধবার তিনি বড় ভায়রা মাকসুদের বাড়িতে দাওয়াত খেতে যান।
পরদিন বৃহস্পতিবার দুপুরে চারজন মিলে সদর উপজেলার কাজলডোপ এলাকায় ঘাঘট নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে তাদের মধ্যে তিনজন নদী থেকে উঠে তীরে চলে আসেন। তবে নিয়ন আর ফিরে আসেননি। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
গাইবান্ধা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রিফাত আল মামুন জানান, রংপুরের ডুবুরি দলের প্রচেষ্টায় নিখোঁজ হওয়ার তৃতীয় দিনে নাজমুল হুদা নিয়নের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।
