রাজবাড়ীর কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের চন্দনী বাসস্ট্যান্ড এলাকায় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় নূর আলম (২৬) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন।
শনিবার (২৫ অক্টোবর) সকাল আনুমানিক ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পাংশা হাইওয়ে থানা পুলিশ।
পুলিশ জানায়, নিহত নূর আলম কুষ্টিয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন। পথে চন্দনী বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত গাড়ি তাঁর মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
নিহতের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে তাঁর পরিচয় শনাক্ত করা হয়েছে। নূর আলম কুষ্টিয়ার মিরপুর উপজেলার পাইকপাড়া এলাকার সুতাইল গ্রামের শেখ সাকাউল ইসলামের ছেলে।
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান জানান, দুর্ঘটনার পর গাড়িটি পালিয়ে যায়। সেটি শনাক্তে কাজ করছে পুলিশ। মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমএস/
