নির্বাচন সামনে রেখে ইসরায়েলের রাজনীতি যখন সরগরম, তখন ইরানে আবারও হামলার হুমকি ঘিরে বাড়ছে সামরিক উত্তেজনা।
এমন পরিস্থিতিতে গোপনে ইসরায়েল সফরে গিয়ে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
বিজ্ঞাপন
গত সোমবার (১৯ অক্টোবর) ইসরায়েলে নেতানিয়াহুর সঙ্গে হেগসেথের এ গোপন বৈঠক হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম অ্যাক্সিওস।
বৈঠকের বিষয়ে জানেন, এমন দুজন সূত্রের বরাত দিয়ে অ্যাক্সিওস জানিয়েছে, ইসরায়েলের নির্বাচনের আগে নেতানিয়াহুর সঙ্গে দেখা করেছেন হেগসেথ। তবে, এ বিষয়ে আল জাজিরার কাছে কোনো মন্তব্য করতে রাজি হয়নি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর।
বিজ্ঞাপন
এদিকে, হেগসেথ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, তিনি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের আওতাধীন এলাকায় মার্কিন সেনাসদস্যদের সঙ্গে দেখা করেছেন।
এ কমান্ডের আওতায় মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা ও এশিয়ার কিছু অঞ্চল রয়েছে। তবে, ইসরায়েলের আর্মি রেডিও জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলের মরুভূমিতে একটি বিমানঘাঁটিতে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন হেগসেথ।
হেগসেথের এ সফরের এক দিন আগে, গত রোববার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের আসন্ন নির্বাচনে নেতানিয়াহুর প্রতি সমর্থন জানান।
বিজ্ঞাপন
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে নেতানিয়াহুকে ‘পূর্ণ ও নিঃশর্ত সমর্থন’ দেওয়ার কথা বলেন তিনি। একই সঙ্গে, ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবে নেতানিয়াহুর ভূমিকারও প্রশংসা করেন ট্রাম্প।
আগামী ২৭ অক্টোবর ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার পর এটিই হতে যাচ্ছে ইসরায়েলের প্রথম পার্লামেন্ট নির্বাচন। ওই হামলার পর গাজায় ব্যাপক হত্যাযজ্ঞ চালায় ইসরায়েল।
বিজ্ঞাপন
এতে নেতানিয়াহুর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে গ্রেফতারি পরোয়ানাও জারি করে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট।
এসব কারণে জনমত জরিপ অনুযায়ী, নেতানিয়াহুর ধর্মীয় ও জাতীয়তাবাদী জোট পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারে। তবে, বিরোধী দলগুলোর পক্ষেও সরকার গঠনের মতো আসন পাওয়া কঠিন হতে পারে।
অন্যদিকে, ইসরায়েলের নির্বাচনে নেতানিয়াহুকে সমর্থন জানাননি যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। গত সোমবার টু-ওয়েকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইসরায়েলের নির্বাচন নিয়ে তাঁর আগ্রহ নেই। তার মনোযোগ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে।
বিজ্ঞাপন
এদিকে, ইসরায়েলের একটি বিমানঘাঁটি পরিদর্শনে গিয়ে শত্রুদের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন নেতানিয়াহু। এক্সে প্রকাশিত ভিডিও বার্তায় তিনি শত্রুদের সতর্ক করে বলেন, তারা যেন ইসরায়েলকে পরীক্ষা করার চেষ্টা না করেন।
এখন পর্যন্ত যে আঘাত পেয়েছেন, ভবিষ্যতে তার চেয়েও কঠোর আঘাতের মুখে পড়তে পারেন বলেও হুঁশিয়ারি দেন তিনি।
নেতানিয়াহু নির্দিষ্ট করে কোনো পক্ষের নাম উল্লেখ না করলেও তার এ হুঁশিয়ারি ইরানকে উদ্দেশ করে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলের নির্বাচনের আগে তার বক্তব্য এবং হেগসেথের গোপন সফর মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।
বিজ্ঞাপন
সূত্র: আল-জাজিরা
বিজ্ঞাপন
এমআরএইচ/
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
