বুধবার রাতে দত্তপুকুর থেকে বিস্ফোরক বোঝাই একটি গাড়ি উদ্ধার করল পুলিশ। গাড়ির মালিককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছেছে এসটিএফ, এনআইএ ও বম্ব স্কোয়াড। রাত থেকেই ঘটনাস্থল ঘিরে ফেলে এনএসজি। উৎসবের মরশুমে গাড়িতে করে এত বারুদ ও বিস্ফোরক কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা তদন্ত করে দেখা হচ্ছে। সূত্র মারফত জানা গিয়েছে, গাড়িটি কলকাতার দিকে আসছিল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থলের কাছেই ভারত-বাংলাদেশ সীমান্ত। গাড়ির মালিকের নাম রাকিবুল ইসলাম। তাঁর ৪টি বাইক ও গাড়ির শোরুম রয়েছে। তাঁর দুটি বাড়িও আছে। একটি বাড়িতে পরিবারের সদস্যদের নিয়ে থাকেন তিনি। আর একটি বাড়ি ভাড়া দেওয়া। এদিন রাকিবুলকে সঙ্গে নিয়ে তাঁর বাড়িতেও যান তদন্তকারীরা। তাঁর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হয়। দশমীর রাতে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রাকিবুলের দুটি মোবাইল ও একটি ল্যাপটপ বাজেয়াপ্ত করে তদন্তকারীরা। সেগুলি থেকে কোনও সূত্র পাওয়া যায় কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
জানা গিয়েছে, তৃণমূল জমানায় বাড়বাড়ন্ত রাকিবুলের। আগে মোটর মেকানিকের কাজ করতেন তিনি। ২০১৮ সাল থেকে উত্থান। একে একে ৪টি গাড়ির শোরুমের মালিক হন তিনি। বাড়ি ২টি-ও বিলাসবহুল। দশমীর দিন দুপুরে নিজের একটি শোরুমে ছিলেন রাকিবুল। শোরুমের বাইরেই রাখা ছিল গাড়িটি। সন্ধ্যায় পুলিশ এসে সেই গাড়ি থেকে বিস্ফোরক উদ্ধার করে। যদিও রাকিবুলের দাবি, এই গাড়িটি তাঁর নয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে। রাকিবুলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
