‘এডিএম স্টার অ্যাওয়ার্ড ২০২৫’-এর দশম আসরে শ্রেষ্ঠ সংগঠক হিসেবে সম্মাননা পেয়েছেন দিয়ামনি ই-কমিউনিকেশনের চেয়ারম্যান মনিরুজ্জামান অপূর্ব। সাংগঠনিক দক্ষতা ও সাংস্কৃতিক অঙ্গনে অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।
সম্প্রতি রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে ‘এডিএম স্টার অ্যাওয়ার্ড ২০২৫’-এর দশম আসর অনুষ্ঠিত হয়। এ ডি মাল্টিমিডিয়ার আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা গুণী ব্যক্তিদের সম্মাননা দেওয়া হয়। পুরস্কার বিতরণের পাশাপাশি ছিল সাংস্কৃতিক আয়োজনও।
মনিরুজ্জামান অপূর্ব উদ্যোক্তা, ব্র্যান্ড প্রমোটর ও সংস্কৃতিকর্মীদের নিয়ে কাজ করছেন। তিনি দীর্ঘদিন ধরে দেশের মিডিয়া, শিল্প ও সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন। দিয়ামনি ই-কমিউনিকেশনের মাধ্যমে কাজ করার পাশাপাশি তিনি বিভিন্ন সৃজনশীল উদ্যোগের সঙ্গেও সম্পৃক্ত।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এস এম মজিবুর রহমান। উদ্বোধন করেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. শেখ মহ. রেজাউল ইসলাম। প্রধান আলোচক ছিলেন ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি এ আর এম আলিফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগীত পরিচালক শওকত আলী ইমন, সংগীতশিল্পী আলম আরা মিনু, অভিনেতা ও মডেল মুকিত জাকারিয়া, ঢাকা জজকোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. হাবিবুল হক এবং মিতালী গার্মেন্টস ও নিখুঁত ইয়ার্ন ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মিতু আক্তারসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ ডি মাল্টিমিডিয়ার কর্ণধার স্বপন আহমেদ।
শিল্প, সংস্কৃতি ও বিনোদন অঙ্গনে অবদান রাখা ব্যক্তিদের সম্মানিত করার ধারাবাহিকতায় অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
বিআলো/শিলি