ভালুকায় মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি ধরতে গিয়ে হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছে। খবর পেয়ে ভালুকা মডেল থানা থেকে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
বিজ্ঞাপন
এলাকাবাসী জানান, বুধবার রাতে উপজেলার সজনগাঁও গ্রামে কুদ্দুস নামের এক মাদক মামলার আসামিকে গ্রেপ্তার করতে গেলে এ হামলার ঘটনা ঘটে। পরে ভালুকা মডেল থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে আহত তিন পুলিশ সদস্যকে উদ্ধার করে নিয়ে আসে।
ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মহিদুল ইসলাম জানান, রাতে এএসআই রাহিদুল ইসলামের নেতৃত্বে উপজেলার সজনগাঁও গ্রামে মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামিকে ধরতে যায় পুলিশ। আসামি কুদ্দুসকে আটক করার পর তার লোকজন পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। হামলায় এএসআই রাহিদুল ইসলাম ও বাকিরুলসহ পুলিশের তিন সদস্য আহত হন। পরে তাদের উদ্ধার করে ভালুকা হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছে। আসামি গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এমই
