দাবা প্রতিযোগিতায় অনিয়মের অভিযোগে বাংলাদেশের ছয়জন ও ভারতের একজনকে নিষিদ্ধ করেছে বাংলাদেশ দাবা ফেডারেশন। সেঞ্চুরি ক্লাবের নবম স্ট্যান্ডার্ড রেটিং দাবা প্রতিযোগিতায় ওঠা অভিযোগ পর্যালোচনা করে খেলোয়াড়, বিচারক ও আয়োজকের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
ফেডারেশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হাদিউজ্জামান ও ভারতীয় দাবাড়ু শ্রুতর্শী রায়কে এক বছর করে নিষিদ্ধ করা হয়েছে। যদুনাথ বিশ্বাস ও অরূপ গোলদার পেয়েছেন ছয় মাসের নিষেধাজ্ঞা। নেত্রকান্ত সরকার ও এফ এম শারাফাতুল ইসলামের বিরুদ্ধেও ব্যবস্থা নিয়েছে ফেডারেশন।
বাংলাদেশ দাবা ফেডারেশনের সহসভাপতি ও পুলিশের ডিআইজি শোয়েব রিয়াজ ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। অভিযোগ পর্যালোচনা শেষে কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
ফেডারেশনের সিদ্ধান্ত অনুযায়ী, নিষেধাজ্ঞা গত ১২ অক্টোবর থেকে কার্যকর হয়েছে। দাবা প্রতিযোগিতায় শৃঙ্খলা, স্বচ্ছতা ও ন্যায্যতা বজায় রাখতে ভবিষ্যতেও বিধিবিধান অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ফেডারেশন।
