প্রধানমন্ত্রী তারেক রহমানের রংপুর সফর সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রস্তুতি সভা করেছে রংপুর মহানগর বিএনপি। রবিবার(১৮ অক্টোবর) দুপুরে নগরীর জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
আগামী মঙ্গলবার (২০ অক্টোবর) শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রংপুর নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফর ঘিরে সার্বিক প্রস্তুতি, দায়িত্ব বণ্টন এবং সফরসূচি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়।
সভায় বিএনপির শীর্ষ নেতারা দলের সব সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা মেনে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন ও সফল করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বয়ের মাধ্যমে নিজ নিজ দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।
রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সদস্যসচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম মিজুসহ মহানগর বিএনপি এবং দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সকাল ১১টার দিকে প্রধানমন্ত্রী নগরীর ধর্মসভা ও কালীবাড়ি মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করবেন বলে জানা গেছে।
