প্রকাশিত: ১১:২৩, ১৬ অক্টোবর ২০২৬
দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
হিলি স্থলবন্দর। ফাইল ফটো
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাপ্তাহিক ছুটিসহ টানা আটদিন এই বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে, এ সময় হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম মণ্ডল।
তিনি জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাপ্তাহিক ছুটিসহ টানা আট দিন হিলি স্থলবন্দরে ভারত থেকে পণ্য আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। আগামী ২৪ অক্টোবর (শনিবার) থেকে বন্দরে আমদানি-রপ্তানিসহ অভ্যন্তরীণ সব কার্যক্রম যথারীতি স্বাভাবিক হবে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া বলেন, দুর্গাপূজা উপলক্ষে স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ও ভারতের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।
