যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়া স্বীকার করেছেন, তিনি আইন পেশায় কাজের লাইসেন্স পেতে প্রয়োজনীয় বার পরীক্ষায় পাস করতে পারেননি। নিজেকে বিভিন্ন সময় ‘আইনজীবী’ হিসেবে পরিচয় দেওয়ায় তার পেশাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠার পর তিনি এ কথা জানালেন।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে উপস্থাপক শন হ্যানিটি তাকে প্রশ্ন করেন, তিনি বার পরীক্ষা দিয়েও পাস করতে পারেননি কি না। জবাবে জাকারিয়া বলেন, ‘হ্যাঁ।’ তিনি আরও জানান, দ্বিতীয়বার পরীক্ষায় বসেননি। ৪১ বছর বয়সী জাকারিয়া ২০১১ সালে পেপারডাইন ইউনিভার্সিটির আইন বিভাগ থেকে স্নাতক হন।
আরেকটি সাক্ষাৎকারে জাকারিয়া বলেন, স্বামীর সঙ্গে চীনে যাওয়ার পরিকল্পনা থাকায় পরীক্ষার সময় তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। সেখানে আইনজীবী হিসেবে কাজ করার প্রয়োজন হবে না ভেবেই পরীক্ষার ফলকে গুরুত্ব দেননি। পরে বেইজিংয়ের একটি আইন প্রতিষ্ঠানে ব্যবসায়িক আইন নিয়ে কাজ করেন তিনি।
জাকারিয়া দাবি করেন, আইন পেশার অনেকেই তাঁকে বলেছেন, আইনের ডিগ্রি ও কাজের অভিজ্ঞতার ভিত্তিতে নিজেকে আইনজীবী হিসেবে পরিচয় দিতে পারেন। তবে তিনি আইনি পরামর্শ নয়, আইনি বিশ্লেষণ দিতে পারেন বলে উল্লেখ করেন।
এদিকে, রাজনৈতিক জবাবদিহি নিয়ে কাজ করা সংগঠন ‘ক্যাম্পেইন ফর অ্যাকাউন্টেবিলিটি’ ক্যালিফোর্নিয়া বার অ্যাসোসিয়েশনকে তাঁর বিষয়ে তদন্তের আহ্বান জানিয়েছে। সংগঠনটির দাবি, ক্যালিফোর্নিয়ায় লাইসেন্স ছাড়া নিজেকে আইনজীবী হিসেবে পরিচয় দেওয়া অপরাধ।
গত মঙ্গলবার হোয়াইট হাউসে প্রথম সংবাদ সম্মেলন করেন জাকারিয়া। তিনি এর আগে ট্রাম্পের ঘনিষ্ঠ সমর্থক ক্যারোলিন লিভিটের স্থলাভিষিক্ত হয়েছেন। পারিবারিক দায়িত্ব ও সন্তানদের দেখাশোনার জন্য গত আগস্টে পদ ছাড়েন লিভিট।
