পরিবেশবান্ধব সৌরবিদ্যুৎ উৎপাদন, সঞ্চয়, জাতীয় গ্রিডে সঞ্চালন এবং গৃহস্থালি ইলেকট্রনিক পণ্য পরিচালনার সমন্বিত সুযোগ থাকছে এই প্রযুক্তিতে।
Published : 11 Oct 2026, 09:31 PM
Updated : 11 Oct 2026, 09:31 PM
শিল্পখাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি ও পরিবেশবান্ধব উৎপাদন নিশ্চিত করতে 'সোলার ইকো-সিস্টেম' প্রযুক্তি উন্মোচন করেছে ওয়ালটন।
সূর্যের আলো ব্যবহার করে শতভাগ পরিবেশবান্ধব সৌরবিদ্যুৎ উৎপাদন, সঞ্চয়, জাতীয় গ্রিডে সঞ্চালন এবং গৃহস্থালি ইলেকট্রনিক পণ্য পরিচালনার সমন্বিত সুযোগ থাকছে এই প্রযুক্তিতে।
শনিবার রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এ প্রযুক্তি উন্মোচন করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, "সোলারের মাধ্যমে ওয়ালটন যা করছে, তা সারা বাংলাদেশে বিস্তৃত হতে যাচ্ছে। আগামী এক-দুই বছরে দেশে সোলারের মাধ্যমে বিপুল বিদ্যুৎ উৎপাদন হবে। এতে কম খরচে জনগণের চাহিদা মেটানো সম্ভব হবে এবং জ্বালানি আমদানি কমে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।"
ওয়ালটন জানিয়েছে, নিজস্ব কারখানায় রুফটপ ও ভাসমান সোলার প্রকল্পের মাধ্যমে তারা বর্তমানে ৩২ মেগাওয়াট সক্ষমতার সৌরবিদ্যুৎ উৎপাদন করছে, যা দেশের একটি বড় জেলা শহরের মোট চাহিদার সমান।
কারখানা চালানোর পাশাপাশি নেট মিটারিং ব্যবস্থার মাধ্যমে তারা জাতীয় গ্রিডেও বছরে গড়ে প্রায় ১,১৫০ মেগাওয়াট-ঘণ্টা সৌরবিদ্যুৎ সরবরাহ করছে।
এই ইকোসিস্টেমের আওতায় ওয়ালটন হাইব্রিড প্রযুক্তির এসি, ফ্রিজ ও স্মার্ট টিভি ছাড়াও সোলার প্যানেল, স্টোরেজ ইনভার্টার ব্যাটারি, ই-বাইক, কেবল এবং নানা ধরনের সৌরবিদ্যুৎনির্ভর গৃহস্থালী পণ্য তৈরি করছে। পর্যাপ্ত সূর্যালোক থাকলে কোনো ব্যাটারি ছাড়াই সরাসরি সৌরবিদ্যুতে এসব হাইব্রিড পণ্য চালানো যাবে।
অন্যদের মধ্যে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির চেয়ারম্যান এস এম শামছুল আলম, ভাইস-চেয়ারম্যান এস এম আশরাফুল আলম, ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম, পরিচালক এস এম রেজাউল আলম, এস এম মঞ্জুরুল আলম অভি ও তাহমিনা আফরোজ তান্না অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
