গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের পাশাপাশি মাঠে নেমেছে বাংলাদেশ সেনাবাহিনী ও বিজিবি।
আজ বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৪ মিনিটে কারখানা ভবনের ভেতর থেকে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানিয়েছে, খবর পাওয়ার পরপরই মাত্র দুই কিলোমিটার দূরত্বের ফায়ার স্টেশন থেকে সকাল ১০টা ২৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নেভানোর কাজ শুরু করেন কর্মীরা। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় প্রথমে ৮টি ও পরে একে একে মোট ২০টি ইউনিট একযোগে কাজ শুরু করে।
পরবর্তী সময়ে পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় সেনাবাহিনী ও বিজিবির টিম। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বিষয়টি নিশ্চিত করেছে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার পেছনে মূল কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে যৌথভাবে কাজ চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
