ফাইল ছবি
-->প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের কারণে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) নির্ধারিত বৈঠক স্থগিত করা হয়েছে। এতে প্রায় ৯ হাজার কোটি টাকা ব্যয়ের ১৫টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন প্রক্রিয়া পিছিয়ে গেছে।
রবিবার (২৫ অক্টোবর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এতে সভাপতিত্ব করার কথা ছিল প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন তারেক রহমানের।
সরকারিভাবে বৈঠক স্থগিতের কারণ হিসেবে ‘অনিবার্য কারণ’ উল্লেখ করা হয়েছে। তবে পরিকল্পনা কমিশনের দায়িত্বশীল কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রীর জাপান সফরের বিষয়টি বিবেচনায় নিয়েই গতকাল রাতে বৈঠক স্থগিতের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
আরও পড়ুন
পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, রবিবার রাতের ফ্লাইটে প্রধানমন্ত্রী জাপানের উদ্দেশে রওনা দেবেন। সফরের আগে তাকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ফাইলের দাপ্তরিক কাজ সম্পন্ন করতে হচ্ছে। এ অবস্থায় একনেকের বৈঠক শুরু হলে দুপুরের খাবারের আগে তা শেষ করা সম্ভব হতো না। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে শেষ পর্যন্ত বৈঠকটি স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
আজকের বৈঠকে অনুমোদনের জন্য মোট ১৫টি উন্নয়ন প্রকল্প উপস্থাপনের প্রস্তুতি ছিল। প্রকল্পগুলো বাস্তবায়নে প্রস্তাবিত ব্যয়ের পরিমাণ প্রায় ৯ হাজার কোটি টাকা। বৈঠক স্থগিত হওয়ায় এসব প্রকল্পের অনুমোদনও পিছিয়ে গেছে।
আরও পড়ুন
অনুমোদনের অপেক্ষায় থাকা উল্লেখযোগ্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে তিতাস গ্যাসক্ষেত্রে তিতাস-৩২ ও তিতাস-৩৩ নামে দুটি মূল্যায়ন ও উন্নয়ন গ্যাসকূপ খনন। এ ছাড়া ‘ইনোভেশন ক্লাইমেট স্মার্ট আরবান ডেভেলপমেন্ট’ প্রকল্প এবং নেত্রকোনা বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্পও ছিল তালিকায়।
একনেকে উপস্থাপনের জন্য প্রস্তুত করা অন্যান্য গুরুত্বপূর্ণ প্রকল্পের মধ্যে রয়েছে বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সড়কগুলোর ক্ষতিগ্রস্ত অংশ, নর্দমা এবং ফুটপাত উন্নয়ন প্রকল্প।
আরও পড়ুন
এ ছাড়া বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে বিশেষায়িত যানবাহন ও অপারেশনাল যানবাহন কেনার জন্য দুটি প্রকল্প উপস্থাপনের প্রস্তুতি নেওয়া হয়েছিল।
স্বাস্থ্য খাতের আওতায় দেশের পাঁচটি মেডিকেল কলেজে নিউক্লিয়ার মেডিসিন সেন্টার স্থাপনের প্রকল্পটিও অনুমোদনের জন্য উপস্থাপনের সম্পূর্ণ প্রস্তুতি নেওয়া হয়েছিল।
সালমান/
