কিছু দিন আগেই ত্রিদেশীয় সিরিজ়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪০০-র বেশি রান তুলেও হেরেছে ইংল্যান্ড। এ বার আরও খারাপ পরিস্থিতি তৈরি হল তাদের কাছে। আইসিসি-র এক দিনের ক্রিকেটের র্যাঙ্কিংয়ে আফগানিস্তানেরও নীচে চলে গেলেন হ্যারি ব্রুকেরা। শুক্রবার আফগানিস্তান এক দিনের ম্যাচে জ়িম্বাবোয়েকে হারানোর পর তারা উঠে এসেছে।
আফগানিস্তানও ত্রিদেশীয় সিরিজ়ের ফাইনাল খেলতে নেমেছিল জ়িম্বাবোয়ের বিরুদ্ধে। ম্যাচটি জিতে দুই রেটিং পয়েন্ট পেয়েছে তারা। ফলে শনিবার প্রকাশিত র্যাঙ্কিংয়ে তারা উঠে এসেছে সপ্তম স্থানে। আটে নেমে গিয়েছে ইংল্যান্ড। ত্রিদেশীয় সিরিজ়ে পাকিস্তান এবং শ্রীলঙ্কার কাছে পর পর হেরে নীচে নেমে গিয়েছে ইংল্যান্ড। যদিও এই দুই দেশের বিরুদ্ধে আবার খেলা রয়েছে ব্রুকদের। সেগুলি জিতলে এবং ফাইনালও জিততে পারলে র্যাঙ্কিংয়ে উন্নতি হতে পারে তাদের।
সদ্য প্রকাশিত র্যাঙ্কিংয়ে ১১৫ রেটিং পয়েন্ট নিয়ে একে রয়েছে ভারত। ছয় রেটিং পয়েন্ট পিছনে দ্বিতীয় স্থানে নিউ জ়িল্যান্ড। এর পর রয়েছে যথাক্রমে সাউথ আফ্রিকা, পাকিস্তান, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, আফগানিস্তান, ইংল্যান্ড, বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ়।
শুক্রবারের ম্যাচে জ়িম্বাবোয়ে অলআউট হয়ে যায় ১৬৯ রানে। আফগানিস্তানের রশিদ খান তিনটি উইকেট নেন। ফজলহক ফারুকি, মহম্মদ নবি এবং বিলাল সামি দু’টি করে উইকেট নেন। রান তাড়া করতে সমস্যা হয়নি আফগানিস্তানের। ৩৫ ওভারের মধ্যেই রান তুলে নেয় তারা। ৯৬ বলে অপরাজিত ৭০ করে দলকে জেতান ইব্রাহিম জ়াদরান। তিনি চারটি চার এবং একটি ছয় মারেন। এ ছাড়া রহমানুল্লাহ গুরবাজ় ৩৬ এবং রহমত শাহ ৪৩ রান করেন।
