Published on
:
2 min read
সিল্কের শাড়ি মানেই আবেগ, ঐতিহ্য আর আভিজাত্যের মেলবন্ধন। বেনারসি হোক বা কাঞ্জিভরম, কিংবা কাতান— সিল্কের শাড়ির জৌলুস বরাবরই আলাদা। এ বার পুজোতেও কিনেছেন মোডাল সিল্ক কিংবা অসম সিল্কের শাড়ি। কিন্তু দামি এই শাড়িগুলির সঠিক যত্ন না নিলে নষ্ট হয়ে যেতে পারে তাড়াতাড়ি। ফিকে হয়ে যাবে রং, কমে যেতে পারে জৌলুস। এমনকী দীর্ঘদিন আলমারিতে তুলে রাখলে ভাঁজ বরাবর শাড়ি ছিঁড়েও যেতে পারে। তাই প্রিয় সিল্কের শাড়ির যত্ন নেবেন কী ভাবে, জেনে নিন।
শাড়ি পরার পরেই ভাঁজ করে রাখবেন না
শাড়ি পরার পর শরীরের ঘাম ও আর্দ্রতা তাতে লেগে থাকতে পারে। তাই সঙ্গে সঙ্গে ভাঁজ করে তুলে রাখবেন না। কিছুক্ষণ খোলা জায়গায় মেলে রাখুন। রোদে দেওয়ার দরকার নেই। তবে হাওয়া খেলে এমন জায়গায় রাখুন।
কাচার আগে জেনে নিন
সব সিল্কের শাড়ি হাতে কাচা যায় না। যেমন বেনারসি বা কাঞ্জিভরমের মতো শাড়ি হাতে কাচা যায় না। এতে শাড়ির ফ্যাব্রিক ও কাজ নষ্ট হয়ে যায়। সিল্কের শাড়ি ড্রাই ওয়াশ করানো দরকার। অন্তত প্রথমবার বাড়িতে না কেচে, দোকানে ড্রাই ওয়াশ করানো ভালো।
প্লাস্টিকে নয়, কাপড়ে মুড়ুন
সিল্কের শাড়ি রাখার জন্য প্লাস্টিকের স্টোরেজ ব্যাগ ব্যবহার করবেন না। বরং পরিষ্কার, শুকনো সুতি বা মলমলের কাপড়ে মুড়ে আলমারিতে রাখুন। শাড়ির জরি ও সূক্ষ্ম কারুকাজ যাতে অন্য শাড়ির সঙ্গে ঘষা লেগে নষ্ট না হয়, তাই এই টোটকা মেনে চলা উচিত। আর প্রতিটি শাড়ি আলাদা করে রাখাই ভালো।
নিয়মিত ভাঁজ বদলান
একই ভাঁজে শাড়ি দীর্ঘদিন রেখে দিলে ফ্যাব্রিক নষ্ট হয়ে যেতে পারে। অনেক সময়ে এর জেরে শাড়ি ছিঁড়ে যেতে পারে। তাই তিন-চার মাস অন্তর শাড়ি বের করে ভাঁজ বদলে নিন। তার আগে কিছুক্ষণ খোলা জায়গায় রেখে হাওয়া খাইয়ে নিন। এতে শাড়ির মেয়াদ বেড়ে যাবে।
আলমারিতে রাখুন শুকনো পরিবেশে
আলমারিতে আর্দ্রতা জমলে শাড়িতেও ছত্রাক জন্মাতে পারে। তাই আলমারি পরিষ্কার ও শুকনো রাখুন। তবে ন্যাপথলিন বা অন্য কোনও রাসায়নিক পদার্থ যেন শাড়ির সংস্পর্শে না আসে, সে দিকেও খেয়াল রাখবেন।
FAQ
১. সিল্কের শাড়ি পরার পর কী ভাবে রাখবেন?
সঙ্গে সঙ্গে ভাঁজ না করে কিছুক্ষণ ছায়াযুক্ত, বাতাস চলাচল করে এমন জায়গায় মেলে রাখুন।
২. সিল্কের শাড়ি কি বাড়িতে কাচা যায়?
সব সিল্কের শাড়ি বাড়িতে কাচা যায় না। দামি বা ভারী কাজের শাড়ি ড্রাই ক্লিন করানো ভালো।
৩. সিল্কের শাড়ি প্লাস্টিকে মুড়ে রাখা উচিত?
না। পরিষ্কার ও শুকনো সুতি বা মলমলের কাপড়ে মুড়ে রাখুন।
৪. কত দিন অন্তর সিল্কের শাড়ির ভাঁজ বদলাবেন?
প্রায় তিন-চার মাস অন্তর ভাঁজ বদলে শাড়ি কিছুক্ষণ হাওয়ায় মেলে রাখুন।
৫. আলমারিতে সিল্কের শাড়ি কী ভাবে রাখবেন?
শুকনো ও পরিষ্কার আলমারিতে প্রতিটি শাড়ি আলাদা করে রাখুন। আর্দ্রতা ও রাসায়নিক পদার্থের সরাসরি সংস্পর্শ এড়িয়ে চলুন।
