শ্রীলঙ্কার কাছে শিরোপার স্বপ্নভঙ্গ হল বাংলাদেশের
মেয়েদের অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজ
চ্যানেল আই অনলাইনপ্রকাশ:
মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টুয়েন্টি ত্রিদেশীয় সিরিজে ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে হেরে শিরোপার স্বপ্নভঙ্গ হল বাংলাদেশের। প্রথমে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে জুনিয়র টিম টাইগ্রেস দল। টেনেটুনে পঞ্চাশ পেরিয়ে অলআউট হয়, জবাবে সহজে রানাতাড়া করেছে লঙ্কান মেয়েরা।
পাকিস্তানের ফয়সালাবাদে ইকবাল স্টেডিয়ামে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় চামুদি প্রবোদা। ব্যাটারদের ব্যর্থতার দিনে নির্ধারিত ২০ ওভারে ৫৮ রানে গুটিয়ে যায় সাদিয়া ইসলামের দল। লক্ষ্য তাড়ায় নেমে ৮ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে শ্রীলঙ্কা। ১০.৪ ওভারে ২ উইকেট হারিয়ে ৫৯ সংগ্রহ করে।
শুরুতে বাংলাদেশের মায়মুন নাহার ২৩ ও সাদিয়া আক্তার ১৭ রান করেন। অন্যরা কেউ দুঅঙ্কের ঘরে পোঁছাতে পারেননি। শ্রীলঙ্কার হয়ে লিমানসা থিলাকারত্নে ৩টি, দানোদ্য সেউমিনি ২টি উইকেট নেন। চামোদি হেরাথ, ইয়েশালি জিথারা, চামুদি প্রবোধ, সানুকি পাথিরেজ ১টি করে উইকেট নেন।
জবাবে নেমে বিমোক্ষ বালাসুরিয়া ২২ এবং উমায়ঙ্গনা পিরিস ৯ রানে আউট হন। নেথমি উপেক্ষার অপরাজিত ১৭ এবং লিমানসা থিলাকারত্নের অপরাজিত ১০ রানে জয় তুলে নেয় শ্রীলঙ্কা।
বাংলাদেশের হয়ে ফারজানা ইয়াসমিন এবং তিথি দাস অর্পণা ১টি করে উইকেট নেন। সিরিজের আরেক প্রতিপক্ষ ছিল পাকিস্তান। স্বাগতিকরা কেবল শ্রীলঙ্কার বিপক্ষে লিগপর্বে একটি ম্যাচে জিতেছিল। বাংলাদেশের কাছে দুটি ম্যাচেই হেরেছিল তারা।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
