একই দিনে পৃথক ঘটনায় গুলিতে নিহত দুজন, নগরজুড়ে আতঙ্ক
স্টাফ রিপোর্টার।।
খুলনা মহানগরীতে একই দিনে পৃথক দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোরে মিস্ত্রিপাড়া বাজারের পূর্ব পাশে আনসার উদ্দিন লেনে দুর্বৃত্তদের গুলিতে মো. তুষার (২৭) নামে এক যুবক নিহত হন। একই দিন সন্ধ্যায় লবণচরা থানাধীন জিন্নাপাড়া বউবাজারের সাত নম্বর গলিতে খুশি (২৫) নামে এক গৃহবধূকে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়েছে। পৃথক এ দুটি ঘটনায় নগরীতে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে মিস্ত্রিপাড়া বাজারের পূর্ব পাশে আনসার উদ্দিন লেনে তুষারের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহের পাশে নম্বরপ্লেটবিহীন একটি কালো রঙের আর-১৫ মোটরসাইকেল পাওয়া যায়। নিহত তুষার নগরীর লবণচরা থানাধীন জিন্নাপাড়া এলাকার বাসিন্দা।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন জানান, তুষারকে হত্যার কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ব্যক্তিগত বিরোধ, শত্রুতা কিংবা অন্য কোনো অপরাধমূলক কারণ থেকে এ হত্যাকাণ্ড ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে পাওয়া নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেলটির মালিকানা ও ঘটনার সঙ্গে এর সংশ্লিষ্টতাও তদন্ত করা হচ্ছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এর আগে পূর্ব বানিয়াখামারের লোহার গেট এলাকার একটি মাদ্রাসার সামনে ধস্তাধস্তি ও ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরে তুষার মোটরসাইকেলে ওই এলাকা থেকে চলে আসার সময় আনসার উদ্দিন লেনের পূর্ব প্রান্তে পৌঁছালে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। গুলিবিদ্ধ হয়ে তিনি মোটরসাইকেলসহ সড়কে লুটিয়ে পড়েন। তবে আগের ওই ঘটনার সঙ্গে তুষার হত্যার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়। পুলিশ জানিয়েছে, স্থানীয়দের দেওয়া তথ্য যাচাই করে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনের চেষ্টা চলছে।
এদিকে, একই দিন সন্ধ্যা পৌনে সাতটার দিকে নগরীর লবণচরা থানাধীন জিন্নাপাড়া বউবাজারের সাত নম্বর গলিতে খুশি (২৫) নামে এক গৃহবধূকে গুলি ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত খুশি ওই এলাকার বাসিন্দা সুমন সরদারের স্ত্রী।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে মাদকসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। দুর্বৃত্তরা খুশিকে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। পরে তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, নিহতের স্বামী সুমন সরদার এলাকায় ‘ব্লেড বাবু’ নামে পরিচিত। তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে মাদকসংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে বলেও জানান তিনি। তবে হত্যাকাণ্ডে কারা জড়িত এবং এর পেছনে প্রকৃত কারণ কী, তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়।
একই দিনে নগরীর দুটি এলাকায় গুলি ও ধারালো অস্ত্রের হামলায় দুজন নিহত হওয়ার ঘটনায় জননিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে প্রকাশ্য সড়কে ভোরে যুবক হত্যার পর সন্ধ্যায় আবাসিক এলাকার গলিতে গৃহবধূ হত্যার ঘটনা নগরবাসীর মধ্যে আতঙ্ক বাড়িয়েছে।
পুলিশ জানিয়েছে, দুটি হত্যাকাণ্ডের ঘটনাই গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হত্যার কারণ নির্ধারণ, জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার এবং ঘটনাগুলোর পেছনের সম্ভাব্য বিরোধের বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।
