চার দিনের জন্য চীন সফরে গেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান ও দুই প্রোভিসি অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন (অ্যাকাডেমিক) ও অধ্যাপক ড. সফিকুল ইসলাম (প্রশাসন)।
চবিতে অবস্থিত চীন-বাংলাদেশ স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন ফর মেরিন রিমোট সেন্সিং প্রকল্পের পরিচালনা, ব্যবস্থাপনা ও ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে দ্বিপাক্ষিক আলোচনায় যোগ দিতে তাদের এ সফর।
বুধবার (১৪ অক্টোবর) চীনের জেঝিয়াং প্রদেশের রাজধানী হাংঝুর উদ্দেশে যাত্রা করেন তারা। চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের অধীন সেকেন্ড ইনস্টিটিউট অব ওশেনোগ্রাফির (এসআইও) আমন্ত্রণে ১৮ অক্টোবর পর্যন্ত সেখানে অবস্থান করবেন তারা।
তাদের অনুপস্থিততে এ সময় বিশ্ববিদ্যালয়ের রুটিন দায়িত্ব পালন করবেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সালেহ্ জহুর।
চীন সফরে প্রতিনিধিদলে অন্য দুই সদস্য হলেন চবির স্যাটেলাইট ওশেন অবজারভেশন অ্যান্ড ডেটা ইনোভেশন সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মোসলেম উদ্দিন এবং উপাচার্য দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ রিয়াজুল হারুন।
সফরকালে গ্রাউন্ড স্টেশনের পরিচালনা, স্যাটেলাইট তথ্যের ব্যবহার, কারিগরি সহযোগিতা ও যৌথ গবেষণাসহ দুই প্রতিষ্ঠানের ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা করবেন প্রতিনিধিদলের সদস্যরা।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. হাছান মিয়া বলেন, ‘এই সময়ের জন্য জ্যেষ্ঠ হিসেবে রুটিন দায়িত্ব পালন করছেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সালেহ্ জহুর।’
