শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমীর দিনে নওগাঁয় অসহায় ও দুস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে নওগাঁ সদর উপজেলার এক হাজার ২০০ নারী-পুরুষের হাতে এসব নতুন বস্ত্র তুলে দেওয়া হয়।
আজ সোমবার (১৯ অক্টোবর) বেলা ১১টায় শহরের শ্রী শ্রী বুড়াকালী মাতা পূজা মণ্ডপ ও পার-নওগাঁ আলুপট্টি বারোয়ারি মণ্ডপ প্রাঙ্গণে আয়োজিত পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন পোশাক বিতরণ করেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু।
এ সময় শ্রী শ্রী বুড়াকালী মাতা মণ্ডপের সভাপতি ও নওগাঁ ধান্য-চাউল আড়তদার ও ব্যবসায়ী সমিতির সভাপতি নিরোদ বরণ সাহা চন্দন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আযম রানা, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপুসহ স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সনাতন ধর্মাবলম্বী গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নতুন বস্ত্র বিতরণ শেষে এমপি জাহিদুল ইসলাম ধলু শ্রী শ্রী বুড়াকালী মাতা পূজা মণ্ডপ এবং পার-নওগাঁ আলুপট্টি বারোয়ারি দুর্গাপূজা মণ্ডপ দুটি সরজমিনে পরিদর্শন করেন। সেখানে তিনি উপস্থিত ভক্ত ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং উৎসব উদযাপন সংক্রান্ত বিষয়ে তাঁদের নানা কথা ও সমস্যার কথা শোনেন।
আয়োজকরা জানান, শারদীয় দুর্গোৎসবের সর্বজনীন আনন্দ সবার মাঝে সমানভাবে ছড়িয়ে দেওয়া এবং সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় করার অংশ হিসেবেই প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে উৎসবের আনন্দ ভাগাভাগির পাশাপাশি দুস্থ মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করা হয়েছে।
