যুক্তরাজ্য সফরত ওমানের সুলতানের সম্মানে আয়োজিত নৈশভোজে ওমানিদের নিয়ে বলা মহানবী হযরত মোহাম্মদ (সাঃ)-এর একটি বাণী পড়ে শুনিয়েছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস।
গতকাল মঙ্গলবারে (২০ অক্টোবর) উইন্ডসর ক্যাসেলে যান ওমানের সুলতান হাইতাম বিন তারিক। সেখানে উপস্থিত হন রাজা তৃতীয় চার্লস। তিনি মূলত ওমানিদের আতিথেয়তা ও নমনীয়তার বিষয়টি বোঝাতে মহানবীর বাণী উচ্চারণ করেন।
মহানবী মূলত এই বাণীটি দিয়েছিলেন এক ব্যক্তির উদ্দেশ্যে। যাকে আরবের একটি গোত্রের কাছে ইসলাম প্রচারের জন্য পাঠিয়েছিলেন মহানবী। কিন্তু ওই সাহাবীকে সেই গোত্রের লোকজন নির্যাতন করেন। তখন মহানবী ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে বলেন, “তুমি যদি ওমানের বাসিন্দাদের কাছে যেতে, তবে তারা তোমাকে গালিও দিত না এবং নির্যাতনও করত না।”
সহীহ মুসলিম শরীফে ২ হাজার ৫৪৪ নম্বর হাদিস হিসেবে লিপিবদ্ধ আছে।
আরও পড়ুন
ব্রিটিশ রাজার দপ্তর থেকে প্রচারিত ভিডিওতে দেখা গেছে, ওমানের সুলতান বসে আছেন। আর ব্রিটিশ রাজা মাইকের সামনে গিয়ে হাদিসটি পড়ছেন। তিনি আরবিতেই হাদিসটি পড়েন। ওই সময় ব্রিটিশ রাজা বলেন, নবী মোহাম্মদ ওমানের মানুষের চরিত্র নিয়ে বলেছেন, “তুমি যদি ওমানের বাসিন্দাদের কাছে যেতে, তবে তারা তোমাকে গালিও দিত না এবং নির্যাতনও করত না।”
এরপর তিনি ওমান ও যুক্তরাজ্যের সম্পর্ক নিয়ে কিছু কথা বলেন।
সূত্র: আল-আরাবিয়া
এমটিআই
