ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণির জন্মদিন আজ ২৪ অক্টোবর (শনিবার)। বিশেষ এ দিনকে ঘিরে ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও সিনেমাপ্রেমীদের মধ্যে রয়েছে বিশেষ আগ্রহ। বরাবরই জন্মদিনে জাকজমকপূর্ণ আয়োজনের জন্য পরিচিত ছিলেন পরীমণি। তবে ২০২৩ সালে তার ‘নানাভাই’র মৃত্যুর পর থেকে দিনটিকে আর সেভাবে সেলিব্রেট করছেন না। কিন্তু এবার একটু শান্তভাবে দিনটি উদযাপন করতে চান এই নায়িকা। জন্মদিনের এবারের আয়োজনের নাম দিয়েছেন ‘শিউলি সন্ধ্যা’।
এই দিনে তার চাওয়া শান্তি, প্রকৃত বন্ধুত্ব আর এমন কিছু কাজ- যা তাকে বাঁচিয়ে রাখবে মানুষের মনে।
গণমাধ্যমকে পরীমণি জানান, জীবনের প্রতি তার দৃষ্টিভঙ্গি বদলেছে। এখন সন্তান ও ক্যারিয়ারই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কাজের মধ্যদিয়ে মানুষের মনে স্থায়ী জায়গা করে নিতে চান তিনি।
তার ভাষ্য, ‘প্রতিবছরই আমি জীবনকে নতুন করে দেখি। নতুন করে বাঁচি। কাজের মধ্যে এবং কাছের মানুষদের সঙ্গে শান্তি ও আনন্দ খুঁজি।’
নায়িকা আরও বলেন, ‘এ বছর আমার একটাই চাওয়া, শান্তি। সেই সঙ্গে ভুয়া মানুষ আর ভুয়া বন্ধুত্ব থেকে মুক্তি চাই। বন্ধুর সংখ্যা কম হলেও সমস্যা নেই, যদি তারা সত্যিকারের বন্ধু হয়।’
বলা দরকার, ২০১৫ সালে শাহ আলম মণ্ডলের পরিচালনায় ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় পরীর। ক্যারিয়ারের শুরুতেই একসঙ্গে প্রায় দুই ডজন সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে আলোচনায় আসেন তিনি। যদিও সেসব সিনেমার অনেকগুলো শেষ পর্যন্ত নির্মিত হয়নি, কিছু নির্মিত হলেও মুক্তি পায়নি।
গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ ও চয়নিকা চৌধুরীর ‘বিশ্বসুন্দরী’তে অভিনয়ের মধ্যদিয়ে বেশ প্রশংসা কুড়ান তিনি।
