প্রকাশিত: ১৯:৫৮, ২৫ অক্টোবর ২০২৬
সংবাদ বিজ্ঞপ্তি || রাইজিংবিডি.কম
‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ এবং বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) প্রস্তাবিত আঞ্চলিক কার্যালয়, টাঙ্গাইলের অধীনে স্থাপিত ‘প্রযুক্তি গ্রাম’-এর কার্যক্রম নিয়ে কৃষক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) বিকেলে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার কিসামত এলাকায় এ সমাবেশ ও মতবিনিময় সভা হয়।
স্থানভিত্তিক ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবন এবং বিদ্যমান গবেষণাগার উন্নয়ন (এলএসটিডি) প্রকল্পের আওতায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) প্রস্তাবিত আঞ্চলিক কার্যালয়, টাঙ্গাইল এ অনুষ্ঠানের আয়োজন করে।
এলএসটিডি প্রকল্পের পরিচালক ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন, এমপি। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) মহাপরিচালক ড. মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রির আরএফএস বিভাগের প্রধান ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ইব্রাহিম এবং টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর জাহান আক্তার সাথী। সঞ্চালনা করেন ব্রির প্রস্তাবিত আঞ্চলিক কার্যালয়, টাঙ্গাইলের প্রধান ও সিনিয়র সায়েন্টিফিক অফিসার (এসএসও) ড. মসউদ ইকবাল।
