নাটোরের লালপুরে পারিবারিক জমি নিয়ে বিরোধের জেরে বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর এবং প্রায় ১৭ লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে মোছাঃ রেহানা খাতুন (৫৫) নামে এক নারী গুরুতর আহত হয়েছেন।
বুধবার (২১ অক্টোবর) বেরিলাবাড়ি এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগী ব্যবসায়ী মোঃ শাহীন আলম।
সংবাদ সম্মেলনে শাহীন আলম জানান, চাচা ফারুক হোসেন ও মহিবুর আলীর সাথে তাদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। পূর্বের হুমকির বিষয়ে থানায় জিডি করা হলেও, গত ৮ অক্টোবর তারা পরিবারসহ আদালতে হাজিরা দেওয়ার সুযোগে প্রতিপক্ষরা বেরিলাবাড়ী জামতলা মোড়ের "মেসার্স জামতলা স্টোর" ও বসতবাড়িতে হামলা চালায়।
তিনি অভিযোগ করেন, হামলায় ঘর ও দোকান ভাঙচুরসহ নগদ ১৬ লাখ ৭০ হাজার টাকা ও ৭০ হাজার টাকার মোবাইল ফোন লুট করা হয়। এতে বাধা দেওয়ায় তার মাকে কুপিয়ে রক্তাক্ত করা হয়, যিনি পরবর্তীতে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
ঘটনার ১৭ দিন পার হলেও আসামিরা গ্রেফতার না হয়ে উল্টো মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেন শাহীন আলম। তিনি দ্রুত আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।
