দুর্গাপূজার বিজয়া দশমীতে ঢাকেশ্বরী মন্দিরে অভিনেতা বাপ্পি চৌধুরীর সঙ্গে এক নারীর নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয় নানা আলোচনা। অনেকেই ওই নারীকে অভিনেতার স্ত্রী বলে দাবি করেন। তবে বাপ্পি জানিয়েছেন, ওই নারী তার স্ত্রী নন, বড়ভাইয়ের স্ত্রী, অর্থাৎ বউমণি।
গত বুধবার (২১ অক্টোবর) পরিবারের সদস্যদের সঙ্গে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে যান বাপ্পি চৌধুরী। সেখানে দেবী দুর্গার বিদায়ের মুহূর্তে নাচে গানে মেতে ওঠেন তিনি। সেই আনন্দঘন মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর ভিডিওতে অভিনেতার সঙ্গে থাকা নারীকে নিয়ে শুরু হয় নানা গুঞ্জন।
এ বিষয়ে বাপ্পি চৌধুরী বলেন, ‘ভাইরাল হওয়া ভিডিওটি আমি দেখেছি। কী আর বলব! আমার বউমণিকে বউ বানিয়ে দেওয়া হয়েছে। সে আমার বউমণি, বউ না।’
অভিনেতা জানান, সেদিন পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তার বাবা, বড়ভাই ও বড়ভাইয়ের স্ত্রীও মন্দিরে উপস্থিত ছিলেন। তবে সেখানে তার স্ত্রী ছিলেন না।
নিজের বিয়ে নিয়েও স্পষ্ট বক্তব্য দিয়েছেন বাপ্পি। তিনি বলেন, বিয়ে করলে সবাইকে জানিয়েই করবেন। নিজের স্ত্রীকে লুকিয়ে রাখার কোনো ইচ্ছা নেই তার।
এর আগে ভিডিওটি ঘিরে বিভিন্ন গণমাধ্যমে বাপ্পি চৌধুরীকে স্ত্রীকে সঙ্গে নিয়ে পূজার আনন্দে মেতে উঠতে দেখা গেছে বলে খবর প্রকাশিত হয়। এমনকি সিঁদুর খেলা নিয়েও আলোচনা শুরু হয়। এরপর ভাইরাল ভিডিওতে থাকা নারীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কৌতূহল বাড়তে থাকে।
উল্লেখ্য, ২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় বাপ্পি চৌধুরীর। এরপর ‘জটিল প্রেম’, ‘সুইট হার্ট’, ‘নায়ক’ ও ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি।
/অ
