
স্টাফ রিপোর্টার: সিলেটে আজ সোমবার (১৯ অক্টোবর) শারদীয় দুর্গাপূজার মহাষ্টমী অনুষ্ঠিত হবে। পূজার অন্যতম গুরুত্বপূর্ণ এই দিনে দেবীর আরাধনা, পুষ্পাঞ্জলি ও ধর্মীয় আনুষ্ঠানিকতায় অংশ নেবেন সনাতন ধর্মাবলম্বীরা। গত শনিবার ও রোববার দুই দিন তিথির কারণে মহাসপ্তমীর বিহিত পূজার আনুষ্ঠানিকতা পালিত হয়েছে। এর আগে গত শুক্রবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।
এবার সিলেট জেলা ও মহানগরের ৬৩৬টি পূজামণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। উৎসবকে নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন এবং পূজা উদযাপন সংশ্লিষ্ট সংগঠনগুলো নানা প্রস্তুতি নিয়েছে। নগর ও জেলার বিভিন্ন পূজামণ্ডপে উৎসবের আমেজ বিরাজ করছে।
পূজার সূচনায় গত শুক্রবার ষষ্ঠী তিথিতে দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। এর আগে সকালে অনুষ্ঠিত হয় দেবীর ষষ্ঠাদি কল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা। শনিবার ও রোববার তিথির কারণে দুই দিন ধরে মহাসপ্তমীর আনুষ্ঠানিকতা চলে। আজ মহাষ্টমীতে পূজা, অঞ্জলি ও অন্যান্য ধর্মীয় আচার পালন করবেন ভক্তরা।
পঞ্জিকামতে, এবার দেবী দুর্গা ঘোড়ায় চড়ে মর্ত্যে এসেছেন এবং নৌকায় চড়ে বিদায় নেবেন। আগামীকাল মঙ্গলবার মহানবমী এবং বুধবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনের দুর্গোৎসব।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখা সূত্রে জানা গেছে, এবার সিলেট জেলা ও মহানগর মিলিয়ে ৬৩৬টি মণ্ডপে দুর্গাপূজা হচ্ছে। এর মধ্যে মহানগর এলাকায় ১৬২টি এবং জেলার বিভিন্ন উপজেলায় ৪৭৪টি মণ্ডপ রয়েছে।
মহানগরের ১৬২টি মণ্ডপের মধ্যে ১৪৬টি সর্বজনীন ও ১৬টি পারিবারিক। অন্যদিকে, জেলা পর্যায়ে ৪৪৮টি সর্বজনীন এবং ২৬টি পারিবারিক মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে।
দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে সিলেট মহানগর পুলিশ (এসএমপি) চার স্তরের নিরাপত্তাব্যবস্থা নিয়েছে। এ জন্য সাত শতাধিক পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। এর মধ্যে পাঁচ শতাধিক পুলিশ সদস্যের পাশাপাশি দায়িত্বে রয়েছেন দুই শতাধিক ট্রাফিক পুলিশ সদস্য।
নিরাপত্তার অংশ হিসেবে সাদা পোশাকে পুলিশ মোতায়েন, নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং ক্রাইসিস রেসপন্স টিমের (সিআরটি) তৎপরতা রাখা হয়েছে। পাশাপাশি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পূজামণ্ডপ ও আশপাশের এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
এসএমপির উপকমিশনার মো. আফজাল হোসেন জানান, দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। টহল ও গোয়েন্দা নজরদারি জোরদারের পাশাপাশি সিসিটিভির মাধ্যমে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
এদিকে সিলেট ও সুনামগঞ্জের পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় ৩০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন।
বিজিবির সিলেট সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সালাহ্উদ্দীন জানান, সিলেট ও সুনামগঞ্জ জেলায় বিজিবির সিলেট সেক্টরের আওতাধীন মোট এক হাজার ৮০টি পূজামণ্ডপ রয়েছে। এর মধ্যে সীমান্তের আট কিলোমিটারের মধ্যে থাকা ১০৯টিসহ মোট ১৫২টি মণ্ডপের নিরাপত্তায় বিজিবি দায়িত্ব পালন করবে।
নিরাপত্তা জোরদারে ড্রোন প্রযুক্তি, কে-নাইন ডগ স্কোয়াড, টহল বৃদ্ধি ও অনলাইন নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে। কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে সুরক্ষা অ্যাপের মাধ্যমে পাওয়া তথ্যের ভিত্তিতে জরুরি পদক্ষেপ নেওয়া হবে। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করেও দায়িত্ব পালন করবে বিজিবি।
সিলেট মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক চন্দন দাস বলেন, প্রতি বছরের মতো এবারও সুন্দর ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের প্রত্যাশা সিলেটবাসীর। এ লক্ষ্যে পূজামণ্ডপগুলোতে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পূজা নির্বিঘ্ন করতে প্রশাসনের উদ্যোগে বিভিন্ন সমন্বয় সভা হয়েছে। এবার পূজার এক সপ্তাহ আগে থেকেই মণ্ডপগুলোতে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
দুর্গাপূজা উপলক্ষে নগরের ৮৫টি সর্বজনীন পূজামণ্ডপে পরিচ্ছন্নতা, বর্জ্য অপসারণ এবং পানি ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে বিশেষ প্রস্তুতি নিয়েছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। এ জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করে টানা পাঁচ দিন দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে, পূজামণ্ডপের নিরাপত্তা, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় করা এবং পূজার কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করতে তদারকি কমিটি গঠন করেছে সিলেট মহানগর বিএনপি। নগরের ৫২টি ওয়ার্ডকে সাতটি ভাগে ভাগ করে মহানগর ও ওয়ার্ড বিএনপির নেতাদের সমন্বয়ে সাতটি পৃথক কমিটি গঠন করা হয়েছে।
মহাষ্টমীকে ঘিরে আজ পূজামণ্ডপগুলোতে ভক্তদের সমাগম বাড়বে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি সম্প্রীতি ও সৌহার্দ্যের মধ্য দিয়ে দুর্গোৎসব উদযাপনে প্রস্তুত সিলেটের পূজামণ্ডপগুলো।
