অক্টোবর ২৫, ২০২৬ ৩:৩৫ অপরাহ্ণ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে বাংলাদেশে ফেরার গুঞ্জন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের আলোচনা সরকারের নজরে এসেছে। শেখ হাসিনাকে ফেরত পেতে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রতিবেশী দেশের (ভারত) কাছে কয়েক দফা অনুরোধপত্র পাঠানো হয়েছে।
রবিবার (২৫ অক্টোবর) দুপুরে সচিবালয়ে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপিত হওয়া উপলক্ষে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে কোনো অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না। কোনো অপশক্তি, পতিত শক্তি, ফ্যাসিস্ট, পলাতক অপরাধী কিংবা গণহত্যাকারীর অপতৎপরতা বরদাশত করা হবে না।
ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন ও সরকারের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অতীতের ফ্যাসিবাদী শক্তির এ ধরনের অপপ্রয়াস প্রথম থেকেই চালু ছিলো। তারা বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করতে চায় এবং ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। তবে গণঅভ্যুত্থানের মুখে যারা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং শত শত নাগরিককে হত্যা করেছে—তাদের কোনো অপতৎপরতা বাংলাদেশে চলতে দেওয়া হবে না। আমাদের অবস্থান একেবারেই পরিষ্কার।
সংবিধান সংশোধন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ জানান, সংবিধান সংশোধনের মাধ্যমেই অন্তর্বর্তী সরকার ফিরবে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও শারদীয় দুর্গাপূজা উদযাপন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০২৬ সালে সারাদেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। ঘটনা ঘটার পর নয়, বরং ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে আগে থেকেই কেন্দ্রীয়ভাবে পুরো পরিস্থিতি নজরদারি করেছে সরকার।
অনেক বছর পর দেশে এমন শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হওয়ায় পুলিশ, আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব সদস্যকে ধন্যবাদ জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
খুলনা গেজেট/এএজে
