রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় অভিযান চালিয়ে হেরোইন এবং মাদক বিক্রির নগদ অর্থসহ মৌসুমী আক্তার নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক রাসেল আলীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার মৌসুমী আক্তার (২৯) গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া পোড়াভিটার জামাল শেখের মেয়ে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতদিয়ার চিহ্নিত মাদকপ্রবণ এলাকা পোড়াভিটায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ডিএনসির একটি চৌকস দল চিহ্নিত মাদক ব্যবসায়ী মৌসুমী আক্তারের আস্তানায় হানা দিয়ে তাকে আটক করে। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১০০ গ্রাম হেরোইন এবং নগদ ৬লক্ষ টাকা উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তার মৌসুমী আক্তার দীর্ঘদিন ধরে দৌলতদিয়া ঘাট ও পোড়াভিটা এলাকায় বড় ধরনের মাদকের সিন্ডিকেট পরিচালনা করে আসছিলেন। তার বিরুদ্ধে রাজবাড়ী ও দেশের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে জানা গেছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক রাসেল আলী বলেন, ‘মৌসুমী আক্তার ওই অঞ্চলের একজন তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা। জব্দকৃত নগদ ৬ লাখ টাকা মাদক বিক্রির লভ্যাংশ বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। তার বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
