ফুসফুসে ক্যানসার শনাক্ত হওয়ার পর অস্ত্রোপচার করে আক্রান্ত অংশ অপসারণ করা হয়েছে ক্যাথলিক চার্চের প্রধান পোপ চতুর্দশ লিওর।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রোমের জেমেলি হাসপাতালে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়। ভ্যাটিকানের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
ভ্যাটিকান জানিয়েছে, অস্ত্রোপচারের পর পোপ লিও স্বাভাবিকভাবেই ঘুম থেকে জেগে ওঠেন। অস্ত্রোপচারটি সফল হয়েছে এবং এতে কোনো জটিলতা দেখা দেয়নি বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
ভ্যাটিকানের একটি সূত্র জানায়, ক্যানসার শরীরের অন্য কোথাও ছড়িয়ে পড়েছে কি না, তা নিশ্চিত করতে আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা চলছে। পূর্ববর্তী পরীক্ষায় পাওয়া সন্দেহের ভিত্তিতে অস্ত্রোপচারের মাধ্যমে ফুসফুসে ক্যানসারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সম্পূর্ণ নিরাময়ের লক্ষ্যে চিকিৎসকরা তার ডান ফুসফুসের নিচের অংশ অপসারণ করেছেন।
হাসপাতালে যাওয়ার আগে মঙ্গলবার হাসিমুখে হাত নেড়ে শুভানুধ্যায়ীদের অভিবাদন জানান পোপ লিও। অস্ত্রোপচারের পর তিনি রাতের খাবার খেতেও চেয়েছিলেন বলে ভ্যাটিকানের একটি সূত্র জানিয়েছে।
ভ্যাটিকানের তথ্য অনুযায়ী, রোমের জেমেলি হাসপাতালের ১০ তলায় নিজের কক্ষে বেশ কিছুদিন বিশ্রামে থাকতে হবে পোপকে। আগামী ২০ অক্টোবর পর্যন্ত তার সব সাক্ষাৎ বাতিল করা হয়েছে। অস্ত্রোপচারের কারণে আগামী মাসে নির্ধারিত তার দীর্ঘ লাতিন আমেরিকা সফর নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
গত বছরের ৮ মে ক্যাথলিক চার্চের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দায়িত্ব নেন ৭১ বছর বয়সী পোপ চতুর্দশ লিও। দায়িত্ব গ্রহণের পর এবারই প্রথম তাকে হাসপাতালে ভর্তি হতে হলো। গত রোববার সেন্ট পিটার্স স্কয়ারে অ্যাঞ্জেলাস প্রার্থনার সময় আকস্মিক ঘোষণায় তিনি জানান, চিকিৎসকরা তার শরীরে প্রাথমিক পর্যায়ের একটি টিউমার শনাক্ত করেছেন।
পোপের স্বাস্থ্যসংক্রান্ত তথ্য প্রকাশের ক্ষেত্রে অতীতে ভ্যাটিকান কঠোর গোপনীয়তা বজায় রাখত। তবে পোপ ফ্রান্সিসের আমল থেকে এ বিষয়ে তুলনামূলক স্বচ্ছতা অনুসরণ করছে ভ্যাটিকান।
