কালবেলা · বিনোদন
প্রযোজকদের অনৈতিকতার বিরুদ্ধে সরব পাকিস্তানি অভিনেত্রী
১৮/১০/২০২৬

পাকিস্তানি বিনোদন ভুবনে অভিনয়শিল্পীদের নানা প্রতিবন্ধকতা ও বঞ্চনা নিয়ে সম্প্রতি সরব হয়েছেন উদীয়মান তারকা সাহের হাশমি। নাট্যশিল্পের প্রযোজকদের অপেশাদার আচরণ এবং পারিশ্রমিক নিয়ে চলমান বৈষম্যমূলক নীতি ও অনৈতিকতার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে নিজের নীরবতা ভেঙেছেন এই প্রতিভাবান অভিনেত্রী।
অভিনয় জগতে নিজের মেধা ও পরিশ্রম দিয়ে শক্ত অবস্থান তৈরি করে নিয়েছেন সাহের হাশমি। ‘জুলম’ নাটকের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করা এই অভিনেত্রী গত দু-তিন বছরে ইন্ডাস্ট্রির অন্যতম সম্ভাবনাময় তারকা প্রতিষ্ঠিত হন। ‘শেইদাই’ নাটকের অভাবনীয় সাফল্যের পর তিনি জনপ্রিয়তার তুঙ্গে ওঠেন। এ ছাড়া ‘জানজিরেইন’ নাটকে ‘শহর বানু’ চরিত্রে তার অভিনয় ভক্তদের মনে আলাদা জায়গা করে নেয়। খুব শিগগির তাকে ‘দার-ই-নিজাত’-এ দেখা যাবে।
নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া এক বার্তায় শিল্পীদের দীর্ঘদিনের বকেয়া পারিশ্রমিক ও আর্থিক অনিয়মের বিষয়টি তুলে ধরেন সাহের হাশমি। ইন্ডাস্ট্রির ভেতরের দ্বিমুখী নীতির তীব্র সমালোচনা করে তিনি বলেন, কোনো কারণে একজন শিল্পী শুটিংয়ে বা কাজে মাত্র একদিন দেরি করলে তাকে সঙ্গে সঙ্গে ‘অপেশাদার’ বা অপটু বলে দাগিয়ে দেওয়া হয়। অথচ মাসের পর মাস শিল্পীদের প্রাপ্য পারিশ্রমিক আটকে রাখা হলেও সেই উদাসীনতাকে খুব সহজেই কেবল একটি ‘অ্যাকাউন্টস ইস্যু’ বলে এড়িয়ে যাওয়া হয়।
সাহের হাশমির এই সাহসী বক্তব্য পাকিস্তানি বিনোদন ইন্ডাস্ট্রিতে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। শিল্পীদের অধিকার রক্ষা, পেশাদারিত্ব বজায় রাখা এবং সময়মতো পারিশ্রমিক পরিশোধ করার দাবি তুলে সচেতন মহলের নজর কেড়েছেন এই জনপ্রিয় অভিনেত্রী।
সূত্র: ডেইলি পাকিস্তান
মূল প্রতিবেদনে যান ↗