অনলাইন ডেস্ক
পশ্চিম আফগানিস্তানের হেরাত প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৭৩ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ১৭ জন শিশু রয়েছে। নিহতদের বড় অংশই সম্প্রতি ইরান থেকে ফেরত পাঠানো আফগান অভিবাসী ছিলেন।
মঙ্গলবার সন্ধ্যায় হেরাতের গুজারা শহরের কাছে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে একটি ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। ধাক্কার পরপরই বাসটিতে আগুন ধরে যায় এবং ভেতরে থাকা যাত্রীরা পুড়ে মারা যান। অন্য দুটি গাড়ির চালক ও যাত্রীও প্রাণ হারান।
হেরাত প্রাদেশিক সরকারের মুখপাত্র আব্দুল্লাহ মুত্তাকি বিষয়টি নিশ্চিত করেন। স্থানীয় কর্মকর্তাদের বরাতে বিবিসি পশতু জানায়, দুর্ঘটনার সময় বাসটি ইসলাম কালা সীমান্ত শহর থেকে রাজধানী কাবুলের উদ্দেশে যাচ্ছিল। প্রাদেশিক তথ্য ও সংস্কৃতি বিভাগের কর্মকর্তা আহমদুল্লাহ মুত্তাকি বলেন, নিহতদের সবাই ইরান থেকে ফেরত আসা অভিবাসী।
হেরাত পুলিশ জানায়, অতিরিক্ত গতি ও বেপরোয়া চালানোর কারণে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। আফগানিস্তানে দীর্ঘ যুদ্ধ ও অব্যবস্থাপনার কারণে সড়ক নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি ট্রাফিক আইন যথাযথভাবে মানা না হওয়ায় প্রায়ই বড় ধরনের দুর্ঘটনা ঘটে থাকে।
ইরান ও পাকিস্তানে কয়েক দশক ধরে লাখ লাখ আফগান শরণার্থী আশ্রয় নিয়েছে। কিন্তু সাম্প্রতিক সময়ে ইরান ব্যাপক হারে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠাচ্ছে। জাতিসংঘের শরণার্থী সংস্থার তথ্যমতে, শুধু ২০২৫ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত দেড় মিলিয়নের বেশি আফগান ইরান ছাড়তে বাধ্য হয়েছেন।
বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এভাবে বিপুল সংখ্যক অভিবাসী দেশে ফিরে আসায় আফগানিস্তান মারাত্মক মানবিক সংকটে পড়তে পারে। তালেবান শাসিত দেশটি ইতিমধ্যেই পাকিস্তান থেকে ফেরত আসা শরণার্থীদের সামাল দিতে হিমশিম খাচ্ছে।
