খুলনা মহানগর বিএনপির সভাপতি ও কেডিএ চেয়ারম্যান এ্যাড. শফিকুল আলম মনা বলেছেন, মহান মুক্তিযুদ্ধের সংগঠক, ভাষা আন্দোলনের অন্যতম সৈনিক, বিশিষ্ট রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য এম নুরুল ইসলাম দাদু ভাই ছিলেন খুলনার রাজনীতির আলোকবর্তিকা এবং জাতীয়তাবাদী আন্দোলনের অগ্রপথিক। ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা-পরবর্তী গণতান্ত্রিক আন্দোলনের প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে তিনি সাহসী ভূমিকা পালন করেছেন। তাঁর রাজনৈতিক প্রজ্ঞা, দেশপ্রেম, ত্যাগ ও আদর্শ খুলনার রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
শুক্রবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় খুলনা মহানগর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে আয়োজিত সাবেক সংসদ সদস্য এম নুরুল ইসলাম দাদু ভাইয়ের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীর স্মরণসভা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, নুরুল ইসলাম দাদু ভাই ছিলেন একজন সৎ, ত্যাগী, সাহসী ও আদর্শবাদী নেতা। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে তিনি দেশ, জনগণ ও গণতন্ত্রের পক্ষে কাজ করেছেন। তাঁর রাজনৈতিক জীবন ছিল সংগ্রাম, নিষ্ঠা ও জনসেবার উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁর নীতি, আদর্শ ও রাজনৈতিক দর্শন আজও বিএনপির নেতা-কর্মীদের জন্য প্রেরণার উৎস।
কাজী মাহমুদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় প্রয়াত নেতা এম নুরুল ইসলাম দাদু ভাইয়ের রাজনৈতিক জীবন, গণতান্ত্রিক আন্দোলনে অবদান এবং খুলনার রাজনীতিতে তাঁর ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
স্মরণসভায় বক্তব্য দেন বদরুল আনাম খান, ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম বাচ্চু, নুরুজ্জামান নিশাত, জাকির ইকবাল বাপ্পী, কেএমএ জলিল, মাওলানা ফারুক হুসাইন, আশরাফুল ইসলাম নূর, সামসুর বারী পান্না, শেখ আবু সাইদ, মো. শফিকুল ইসলাম জোয়ার্দার জলি, কাজী নজরুল ইসলাম, মো. মাহমুদ আলম মোড়ল, শেখ মোস্তফা কামাল, মো. আবুল ওয়ারা, কাজী মো. মিজানুর রহমান, সাইফুল ইসলাম, মেশকাত আলী, মঈনুল ইসলাম কিরন, মাহাবুব উল্লাহ সামিম, কামাল হোসেন, তৌহিদুল ইসলাম বাবু, জাহিদুর রহমান, ফয়েজুর রহমান, মো. ইয়াছিন মোল্লা, শেখ মনিরুল ইসলাম, ডা. শাহিন আহসান, মুর্শিদুর রহমান লিটন, নজরুল ইসলাম, মো. আসাদ, শহিদুল ইসলাম, আরিফুর রহমান, নুরুল হুদা পলাশ ও কাজী ওয়াইজ উদ্দিন আহম্মেদসহ বিএনপি ও বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
স্মরণসভা শেষে মরহুম এম নুরুল ইসলাম দাদু ভাইয়ের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ আবু নাঈম কাজী। এ সময় মরহুমের পরিবার-পরিজনসহ দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।
খুলনা গেজেট/এএজে
